
উৎসবের দিনগুলি একঘেয়ে খাবার খেতে কারই বা ভালো লাগে? কিন্তু ভারী মশলাদার খাবার খেলে শরীর খারাপেরও তো আশঙ্কা থাকে। তাই দরকার হালকা-ফুলকা খাবার। আর সেই অপশনে সুইটেবল হতে পারে মুসুর ডালের মালাই কোফতা। মসুর ডালের কোফতা ভেতরটা নরম ও স্পঞ্জি হয় এবং কাজু, টমেটো ও ঘরে বানানো ক্রিম দিয়ে তৈরি ঘন গ্রেভিতে রান্না করলে এর স্বাদ নামকরা হোটেলের গ্রেভিকেও ছাড়িয়ে যেতে পারে। এই পদটি রাইস বা জিরা রাইস বা রুটির সঙ্গে খেতে যে দারুণ মজাদার হয়, তা বলাই বাহুল্য।
মুসুর ডালের কোফতা বানাতে কী কী প্রয়োজন?
১ কাপ মুসুর ডাল (২ ঘণ্টা জলে ভিজিয়ে রেখে তারপর বেটে নেওয়া)
১/২ কাপ সেদ্ধ ও চটকানো আলু
২ টেবিল চামচ বেসন
১/২ চা চামচ জিরা এবং ১/২ চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো
২টি মিহি করে কাটা কাঁচা লঙ্কা, মিহি করে কাটা ধনে পাতা এবং স্বাদমতো লবণ
ভাজার জন্য তেল
২টি বড় পেঁয়াজ ও ৩টি পাকা টমেটো (পেস্ট)
১ টেবিল চামচ আদা-রসুন পেস্ট
১০-১২টি কাজু (১/৪ কাপ গরম জলে ভিজিয়ে গুঁড়ো করা)
২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম বা মালাই
1 চা চামচ কস্তুরি মেথি, 1/2 চা চামচ গরম মসলা
গোটা মশলা (১টি তেজপাতা, ১টি দারুচিনি, ২টি সবুজ এলাচ)
হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, লবণ এবং ২ টেবিল চামচ তেল/ঘি
কীভাবে বানাবেন?
ভেজানো মসুর ডাল জল ছাড়া মিক্সারে মোটা করে বেটে নিন। একটি বাটিতে মসুর ডাল, সেদ্ধ আলু, বেসন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, লঙ্কা গুঁড়ো, জিরা এবং নুন একসঙ্গে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন।
মিশ্রণটি দিয়ে ছোট ছোট বল তৈরি করুন। মাঝারি আঁচে গরম তেলে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ডুবো তেলে ভাজুন অথবা আপ্পে প্যানে অল্প তেলে ভাজুন। একটি প্যানে তেল গরম করে তাতে গোটা মশলা, পেঁয়াজ বাটা এবং আদা-রসুন দিয়ে ভাজুন। এরপর টমেটো পিউরি, হলুদ, ধনে, কাশ্মীরি লঙ্কা এবং লবণ দিয়ে তেল আলাদা হয়ে যাওয়া পর্যন্ত রান্না করুন।
কাজু পেস্ট ও ১ কাপ জল দিয়ে কম আঁচে ৫ মিনিট রান্না করুন। সবশেষে গরম মসলা, ভাজা মেথি পাতা ও ফ্রেশ ক্রিম যোগ করুন। পরিবেশনের সময়, কোফতাগুলো একটি পরিবেশন পাত্রে রাখুন এবং তার উপর গরম, ঘন গ্রেভি ঢেলে দিন (গ্রেভিতে কোফতাগুলো বেশি সেদ্ধ করবেন না, নইলে সেগুলো ভেঙে যেতে পারে)। ধনে পাতা ও ক্রিম দিয়ে সাজিয়ে রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করুন।