Advertisement

মুগ ডালের ‘পপকর্ন’ খেয়েছেন? ঘরেই বানানো যায় স্বাদে মুচমুচে, পুষ্টিতে ভরপুর এই স্ন্যাক্স

পুষ্টিবিদরা বলছেন, সামান্য বদলেই মিলতে পারে সুস্বাদু ও স্বাস্থ্যকর বিকল্প। সাধারণ মুগ ডাল দিয়েই বানানো যায় অভিনব ‘ডাল পপকর্ন’, যা একদিকে মুচমুচে, অন্যদিকে প্রোটিনে ভরপুর।

মুগের পপকর্নমুগের পপকর্ন
Aajtak Bangla
  • 02 Mar 2026,
  • अपडेटेड 10:56 PM IST

বিকেলের হালকা খিদে মানেই চপ, সিঙাড়া বা প্যাকেটজাত চিপস, এ যেন চেনা ছবি। কিন্তু স্বাদের টানে শরীরের ক্ষতি ডেকে আনা কি ঠিক? পুষ্টিবিদরা বলছেন, সামান্য বদলেই মিলতে পারে সুস্বাদু ও স্বাস্থ্যকর বিকল্প। সাধারণ মুগ ডাল দিয়েই বানানো যায় অভিনব ‘ডাল পপকর্ন’, যা একদিকে মুচমুচে, অন্যদিকে প্রোটিনে ভরপুর।

এই জলখাবার বানাতে প্রথমে আধ কাপ ভাঙা মুগ ডাল পরিষ্কার করে ধুয়ে ৬ থেকে ৭ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। ডাল ফুলে উঠলে জল ঝরিয়ে একটি সুতির কাপড়ে ছড়িয়ে দিন। অন্তত আধ ঘণ্টা ফ্যানের তলায় রেখে ডালের আর্দ্রতা সম্পূর্ণ শুকিয়ে নেওয়া জরুরি। এতে ভাজার সময় ডাল ঠিকমতো ফুলে উঠবে।

এরপর কড়াইয়ে অল্প তেল গরম করে মাঝারি আঁচে একটু একটু করে ডাল ছাড়ুন। ডাল দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াই ঢাকনা দিয়ে ঢেকে দিন। কয়েক সেকেন্ডের মধ্যেই ডাল পপকর্নের মতো ফুটতে শুরু করবে। মাঝেমধ্যে কড়াই ঝাঁকিয়ে নিলে সব দিক সমানভাবে ভাজা হবে। ডাল সোনালি ও মুচমুচে হয়ে এলে তুলে টিস্যু পেপারে রাখুন, যাতে অতিরিক্ত তেল ঝরে যায়।

গরম গরম অবস্থাতেই উপর থেকে বিটনুন, চাট মশলা বা ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন। চাইলে সামান্য গোলমরিচ গুঁড়োও দেওয়া যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বাজারি ভাজাভুজিতে যে অতিরিক্ত প্রিজারভেটিভ ও নিম্নমানের তেলের ঝুঁকি থাকে, ঘরোয়া এই রেসিপিতে তা নেই। শিশুদের টিফিন থেকে শুরু করে সন্ধ্যার চায়ের আড্ডা—সব ক্ষেত্রেই এটি হতে পারে স্বাস্থ্যকর বিকল্প। স্বাদ ও পুষ্টির এমন যুগলবন্দি সহজেই মন জয় করবে পরিবারের সকলের।

Read more!
Advertisement
Advertisement