Advertisement

Oil Free Chicken Curry: এক ফোঁটা তেল ছাড়াই চিকেন কারির রেসিপি, ভাত বা রুটির সঙ্গে হবে জমজমাটি

এক ফোঁটাও তেল লাগবে না। তৈরি হয়ে যাবে চিকেন কারি। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন অয়েল ফ্রি চিকেন কারি। জেনে নিন এর সহজ রেসিপি।

অয়েল ফ্রি চিকেন কারি (ছবি: পিক্সেলস)অয়েল ফ্রি চিকেন কারি (ছবি: পিক্সেলস)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Oct 2026,
  • अपडेटेड 2:51 PM IST
  • এক ফোঁটাও তেল লাগবে না
  • তৈরি হয়ে যাবে চিকেন কারি
  • খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন অয়েল ফ্রি চিকেন কারি

সামনেই পুজো। আর পুজোর আগে শরীরকে রাখতে হবে স্লিম। বাড়তি মেদ ঝরিয়ে ফেলতে হবে। আর সেই কাজে আপনাকে সাহায্য করতে পারে চিকেনের পদ। যদিও বাড়িতে যেভাবে এতদিন মুরগির মাংস রেঁধেছেন, সেই রেসিপি খেলে কোনও লাভ হবে না। তার বদলে একদম অয়েল ফ্রি চিকেন কারি বানিয়ে নিতে হবে। আর এক ফোঁটা তেল নেই বলে এর স্বাদে কোনও কমতি থাকবে না। বরং জিরো অয়েল চিকেন কারি খেতে দারুণ। তাই ঝটপট তেল ছাড়া চিকেন কারি বানানোর রেসিপি জেনে নিন। এটি রুটি বা ভাতের সঙ্গে খেলে একবারে জমে যাবে। সেই সঙ্গে ওজনও থাকবে কন্ট্রোলে। 

কী কী লাগবে? 

  • ৫০০ গ্রাম চিকেন নিন
  • ৩টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি লাগবে
  • ১ চামচ করে আদা ও রসুন বাটা নিন
  • ১টি টমেটোর কুচি লাগবে
  • হলুদ গুঁড়ো নিন আধ চা চামচ
  • জিরে ও ধনে গুঁড়ো নিতে হবে ১ চামচ করে
  • কাঁচা লঙ্কা বাটা নিন অল্প পরিমাণে
  • নুন নিন স্বাদমতো
  • গরম মশলা লাগবে আধ চা চামচ
  • ধনেপাতা কুচি লাগবে
  • গরম জলও লাগবে

কীভাবে বানাবেন? 

  • সবার প্রথমে ভাল করে মুরগির মাংস ধুয়ে জল ঝরিয়ে নিন। 
  • তারপর নন-স্টিক কড়াইতে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা এবং সামান্য জল দিয়ে সেদ্ধ করে করে নিতে হবে। এভাবে পেঁয়াজ নরম হয়ে আসবে। তারপরও কষাতে থাকুন।
  • কষাতে কষাতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে। এরপর হলুদ গুঁড়ো, জিরে-ধনে গুঁড়ো, লঙ্কা বাটা ও নুন দিন। এগুলি ভাল করে মিশিয়ে নিতে হবে।
  • মশলা কষানোর সময় কড়াইতে অল্প গরম জল দিন। কোনও অবস্থাতেই তেল ব্যবহার করা যাবে না।
  • এবার ধুয়ে রাখা চিকেন মশলার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর নাড়তে থাকুন। মশলার সঙ্গে মাংস ভাল করে মিশিয়ে নিতে হবে। 
  • এরপর কড়াই ঢাকা দিয়ে দিন। মাঝারি আঁচে রান্না করুন।
  • এই সময় মাংস থেকে জল বের হবে। তাতেই মাংস সেদ্ধ হতে থাকবে। এমনকী কষে যাবে।
  • চিকেন কষে গেলে দেখবেন ফ্যাট গলে একটু তেল ছাড়বে। এই সময় পরিমাণমতো গরম জল দিয়ে ঝোল ফুটিয়ে নিন।
  • ঝোল ঘন হয়ে এলে উপর থেকে গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। তারপর নামিয়ে নিন। 

ব্যস, তৈরি হয়ে গেল তেল ছাড়া সুস্বাদু চিকেন কারি। এই অয়েল ফ্রি চিকেন কারি গরম ভাত বা রুটির সঙ্গে খেতে লাগবে দারুণ। 

 

Read more!
Advertisement
Advertisement