
উৎসবের মরসুম হোক, বাড়িতে অতিথি আসুক বা রবিবার ছুটির দিনের স্পেশাল জলখাবার— গরম আর ফুলকো লুচির চাহিদাই আলাদা! কিন্তু ছাঁকা তেলে ভাজা হয় বলে অনেকেই এখন পুরি বা লুচি এড়িয়ে চলেন। বিশেষ করে যারা স্বাস্থ্য সচেতন, ফিটনেস নিয়ে যারা ভীষণ কড়া, তারা এই ধরনের খাবার থেকে শত হস্ত দূরে থাকেন।
উচ্চ কোলেস্টেরল বা হার্টের সমস্যায় যারা ভুগছেন, তাদেরও বেশি তেলের খাবার খেতে বারণ করা হয়। তবে এবার আর নিজের সাধের পুরিকে বিদায় জানানোর প্রয়োজন নেই! কারণ, রান্নাঘরের একটি সহজ ও অভিনব কৌশলের সাহায্যে আপনি ছাঁকা তেলে ডিপ-ফ্রাই না করেও তৈরি করতে পারেন সুস্বাদু এবং ফুলকো পুরি।
এই বিশেষ রেসিপিতে পুরি তেলে ভাজার বদলে প্রেশার কুকারের ভাপে বা স্টিমে রান্না করা হয়। এর ফলে পুরি হয় হালকা, নরম এবং অনেকটাই স্বাস্থ্যকর। সবথেকে বড় কথা হল, এটি তৈরিতে তেলের ব্যবহার একেবারেই নাম মাত্র, যার ফলে ক্যালোরি এবং ফ্যাট— দুই-ই নিয়ন্ত্রণে থাকে।
কীভাবে তৈরি করবেন এই অয়েল-ফ্রি পুরি?
১. প্রথমেই মেখে নিন নিখুঁত আটা
তেলহীন পুরি তৈরি করতে প্রথমে একটি বড় পাত্রে দু’কাপ গমের আটা নিন। এরপর এতে স্বাদ অনুযায়ী নুন এবং আধ চা-চামচ জোয়ান মিশিয়ে নিন। জোয়ান যে শুধু স্বাদ বাড়ায় তা নয়, হজমের ক্ষেত্রেও এটি অত্যন্ত উপকারী। এবার সামান্য ঈষদুষ্ণ জলের সাহায্যে একটু শক্ত করে আটা মেখে নিন। খেয়াল রাখবেন, সাধারণ রুটির আটার চেয়ে পুরির আটা একটু বেশি শক্ত হওয়া প্রয়োজন, তবেই পুরি সুন্দর ভাবে ফুলবে।
২. আটা ঢাকা দিয়ে রাখা জরুরি
আটা মাখা হয়ে গেলে তা ১০ থেকে ১৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিন। এতে আটা খুব ভাল ভাবে সেট হয়ে যায় এবং পুরি বেলার সময় মাঝখান থেকে ছিঁড়ে বা ফেটে যায় না। নির্দিষ্ট সময় পর আটা আরও একবার হালকা হাতে মেখে নিন এবং ছোট ছোট লেচি কেটে সমান আকারের পুরি বেলে নিন।
৩. কুকারে স্টিম বা ভাপানোর পদ্ধতি
একটি প্রেশার কুকারে এক থেকে দু’গ্লাস জল ঢালুন এবং ভিতরে একটি ওয়্যার স্ট্যান্ড বা তারের জালি বসিয়ে দিন। এবার একটি স্টিলের থালায় সামান্য তেল বা ঘি ব্রাশ করে নিন, যাতে পুরিগুলো থালায় আটকে না যায়। বেলে রাখা পুরিগুলি ওই থালায় রেখে কুকারের ভিতরের স্ট্যান্ডে সাবধানে বসিয়ে দিন।
এরপর কুকারের ঢাকনা আটকে দিন, তবে খেয়াল রাখবেন হুইসেল বা সিটিটি যেন অবশ্যই খোলা থাকে। এবার বেশি আঁচে ৩ থেকে ৪ মিনিট ভাপে সেদ্ধ হতে দিন।
৪. মিনিটেই তৈরি ফুলকো পুরি
নির্ধারিত সময় পর কুকারের ঢাকনা খুললেই দেখবেন পুরিগুলো ঠিক বেলুনের মতো ফুলে উঠেছে। আলুর দম, ছোলার ডাল কিংবা পনিরের তরকারির সঙ্গে গরম গরম পরিবেশন করুন এই স্টিমড পুরি।
যারা কড়া ডায়েট মেনে চলেন অথচ স্বাদের সঙ্গে বিন্দুমাত্র আপস করতে চান না, তাদের জন্য এই রেসিপিটি সত্যিই এক দারুণ চমক!