
বাড়িতে সাধারণ মুগ ডাল রান্না তো প্রায়ই হয়। কিন্তু অনুষ্ঠান বাড়ির মুগ ডালের টেস্ট যেন একটু বেশিই ভাল লাগে। শীতের মরসুমে বাজারে ফুলকপি সহজেই পাওয়া যায়। এই সময়ে ফুলকপি দিয়ে মুগ ডাল বানিয়ে দেখতে পারেন। গরম ভাত, আলুভাজা কিংবা বেগুনভাজার সঙ্গে এই ডাল খেতে দারুণ লাগে। সবচেয়ে বড় কথা, রান্নার জন্য খুব বেশি উপকরণও লাগে না।
উপকরণ
মুগ ডাল ১ কাপ, ফুলকপি ১টি ছোট, টম্যাটো ১টি, আদা বাটা ১ চা-চামচ, জিরে আধ চা-চামচ, শুকনো লঙ্কা ১টি, তেজপাতা ১টি, হলুদ গুঁড়ো আধ চা-চামচ, জিরে গুঁড়ো আধ চা-চামচ, কাঁচালঙ্কা ২টি, নুন ও চিনি স্বাদমতো, সর্ষের তেল এবং ঘি সামান্য।
ডাল ভেজে সেদ্ধ করে নিন
প্রথমে কড়াইয়ে মুগ ডাল শুকনো খোলায় হালকা ভেজে নিন। ডাল থেকে সুন্দর গন্ধ বেরোলে নামিয়ে ধুয়ে ফেলুন। এ বার জল, সামান্য হলুদ ও নুন দিয়ে ডাল সেদ্ধ করুন। ডাল যেন একেবারে গলে না যায়। দানাগুলি অল্প আস্ত থাকলে খেতে ভাল লাগবে।
ফুলকপি ভাজুন
ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে ফুলকপিতে নুন ও হলুদ মাখিয়ে হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন।
মশলা কষান
একই কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দিন। আদা বাটা, জিরে গুঁড়ো এবং কুচি করা টম্যাটো দিয়ে ভাল করে কষান। মশলা থেকে তেল ছাড়লে ভাজা ফুলকপি ও কাঁচালঙ্কা দিন।
ডাল ঢেলে দিন
এ বার সেদ্ধ মুগ ডাল ঢেলে দিন। প্রয়োজন মতো গরম জল মিশিয়ে নিন। নুন-চিনি পরীক্ষা করে মাঝারি আঁচে ৫-৭ মিনিট ফুটতে দিন। শেষে সামান্য ঘি ছড়িয়ে নামিয়ে নিন।
ব্যস, তৈরি রান্নার ঠাকুরের মতো ফুলকপি দিয়ে মুগ ডাল। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। সঙ্গে ২টি বেগুনি হলে জমে যাবে।