
বাড়িতে হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করছে? অথচ বাজারে যাওয়ার সময় নেই? তা হলে বানিয়ে ফেলতে পারেন পাঞ্জাবি কায়দায় সুজির হালুয়া। উত্তর ভারত ও পঞ্জাবে এই মিষ্টি বেশ জনপ্রিয়। সুজি, ঘি আর চিনির মিশ্রণে তৈরি এই পদ নরম, সুগন্ধযুক্ত এবং খেতে দারুণ। তার উপর কাজু, কিশমিশ ও এলাচের স্বাদ হালুয়াকে আরও আকর্ষণীয় করে তোলে। অল্প কয়েকটি উপকরণেই বাড়িতে সহজে বানানো যায় এই মিষ্টি। রইল প্রণালী।
সুজির হালুয়া বানাতে কী কী লাগবে?
১ কাপ সুজি, আধ কাপ ঘি, ৩/৪ কাপ চিনি, ৩ কাপ জল অথবা দুধ-জলের মিশ্রণ, আধ চা চামচ এলাচ গুঁড়ো, ২ টেবিল চামচ কাজু, পেস্তা ও কাঠবাদাম কুচি এবং ১ টেবিল চামচ কিশমিশ লাগবে। ইচ্ছা হলে কয়েক দানা কেশরও দিতে পারেন। মিষ্টির পরিমাণ নিজের পছন্দমতো কমানো বা বাড়ানো যায়।
কীভাবে বানাবেন?
প্রথমে একটি পাত্রে জল বা দুধ-জলের মিশ্রণ গরম করুন। তাতে চিনি দিয়ে ফুটিয়ে নিন। চিনি পুরোপুরি গলে গেলে সামান্য এলাচ গুঁড়ো ও কেশর মিশিয়ে রাখুন। মিশ্রণটি গরম থাকা জরুরি।
এ বার কড়াইয়ে ঘি গরম করুন। তাতে কাজু, কাঠবাদাম ও কিশমিশ হালকা ভেজে তুলে রাখুন। একই কড়াইয়ে সুজি ঢেলে কম আঁচে ভাজতে থাকুন। ক্রমাগত নাড়বেন, যাতে সুজি পুড়ে না যায়। সুজি থেকে সুন্দর গন্ধ বেরোলে এবং হালকা সোনালি রং ধরলে বুঝবেন, ভাজা হয়ে গিয়েছে।
এর পর আঁচ কমিয়ে সাবধানে গরম চিনির জল সুজির মধ্যে ঢালুন। এই সময়ে গরম মিশ্রণ ছিটকে পড়তে পারে। তাই সতর্ক থাকুন। একটানা নাড়তে থাকুন, যাতে দলা না পাকায়। সুজি জল শুষে নিয়ে ঘন হয়ে এলে ঢাকনা দিয়ে কম আঁচে ২-৩ মিনিট রাখুন।
সব শেষে ভেজে রাখা বাদাম ও কিশমিশ মিশিয়ে দিন। ইচ্ছা হলে সামান্য ঘিও যোগ করতে পারেন। হালুয়া কড়াই ছেড়ে এলে নামিয়ে নিন। ব্যস, তৈরি পাঞ্জাবি কায়দার সুজির হালুয়া। গরম গরম পরিবেশন করুন।