Advertisement

Small Fish Curry Bengali Style: গরমে ডাল-ভাতের সঙ্গে থাকুক পুঁটি মাছের এই চচ্চড়ি, আর কিচ্ছু লাগবে না

গরমের দুপুরে পাতলা ডালের সঙ্গে যদি থাকে পুঁটি মাছের একটু মাখো মাখো পোড়া চচ্চড়ি, তবে তো আর কথাই নেই। অল্প কিছু ঘরোয়া উপকরণের মেলবন্ধনে কী ভাবে খুব কম সময়ে এই পদটি টেবিলের শোভা বাড়াবে, জেনে নিন সেই হদিশ।

Small Fish Curry Bengali Style: গরমে ডাল-ভাতের সঙ্গে থাকুক পুঁটি মাছের এই চচ্চড়ি, আর কিচ্ছু লাগবে নাSmall Fish Curry Bengali Style: গরমে ডাল-ভাতের সঙ্গে থাকুক পুঁটি মাছের এই চচ্চড়ি, আর কিচ্ছু লাগবে না
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 12 May 2026,
  • अपडेटेड 12:32 AM IST

Small Fish Curry Bengali Style: বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর মাছের ঝোলে ভরা পাত। তবে বড় মাছের দাপটের মাঝেও চচ্চড়ি বা ছোট মাছের আবেদন কিন্তু ফিকে হয় না। বিশেষ করে গরমের দুপুরে যদি থাকে পুঁটি মাছের একটু মাখো মাখো পোড়া চচ্চড়ি, তবে তো আর কথাই নেই। অল্প কিছু ঘরোয়া উপকরণের মেলবন্ধনে কী ভাবে খুব কম সময়ে এই পদটি টেবিলের শোভা বাড়াবে, জেনে নিন সেই হদিশ।

হাতের কাছে যা যা চাই
বাজার থেকে টাটকা পুঁটি মাছ আনিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিন। মশলাপাতির জন্য লাগবে এক কাপ পেঁয়াজকুচি, এক চা-চামচ হলুদগুঁড়ো, দুই চা-চামচ লঙ্কাগুঁড়ো, স্বাদমতো নুন আর আধ কাপ সর্ষের তেল। স্বাদের খোলতাই করতে লাগবে তিন-চারটি চেরা কাঁচা লঙ্কা এবং এক মুঠো ধনেপাতাকুচি।

কীভাবে বানাবেন?
মাছগুলো ভালো করে ধুয়ে অল্প নুন ও হলুদ মাখিয়ে রাখুন। এবার কড়াইতে সর্ষের তেল ধোঁয়া ওঠা গরম হলে পেঁয়াজকুচিগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নিন। পেঁয়াজ ভাজা হলে তাতে একে একে হলুদ, লঙ্কাগুঁড়ো ও নুন দিন। মশলা যেন পুড়ে না যায়, তাই সামান্য জলের ছিটে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

মশলা কষানো সারা হলে পরিমাণমতো জল দিন। ঝোল যখন ফুটতে শুরু করবে, তখন নুন-হলুদ মাখানো মাছগুলো আলতো করে দিয়ে দিন। এরপর আঁচ কমিয়ে মিনিট পাঁচেক রান্না হতে দিন। দেখবেন ঝোল শুকিয়ে এসে যখন তেল ছাড়বে এবং মাছগুলো সুন্দর মাখো মাখো হয়ে গায়ের সঙ্গে লেগে যাবে, তখন ওপর থেকে ধনেপাতাকুচি আর চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নিন। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই তৈরি আপনার সাধের পুঁটি মাছের চচ্চড়ি।

রাঁধুনির টিপস
এই রান্নায় সাদা তেল ব্যবহারের কথা ভুলেও ভাববেন না। খাঁটি সর্ষের তেলের ঝাঁঝেই মাছের স্বাদ বহুগুণ বাড়বে। আর ওপর থেকে ছড়িয়ে দেওয়া চেরা কাঁচা লঙ্কার গন্ধে খাওয়ার ইচ্ছেটা উসকে দেবে আরও কয়েক গুণ।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement