
সজনে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এতে থাকা পুষ্টি উপাদানগুলো সামগ্রিক সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে। সাধারণত শুক্তো, ডাল, সাম্বার বা বিভিন্ন তরকারিতে সজনে ব্যবহার করা হয়। কিন্তু আপনি কি কখনও সজনের ঝাল আচার দেখে দেখেছেন? আম বা লঙ্কার আচারের মতোই এটিও খেতে দারুণ সুস্বাদু।
আপনি যদি এমন কোনও নতুন আচারের স্বাদ নিতে চান যা, দীর্ঘদিন ভাল থাকে এবং মশলায় ভরপুর হয়, তাহলে সজনে আচার হতে পারে একটি চমৎকার বিকল্প। জানুন, কীভাবে খুব সহজেই সজনে দিয়ে একটি ঝাল আচার তৈরি করা যায় এবং এর জন্য কী কী উপকরণ প্রয়োজন।
উপকরণ
২ বাটি সজনে ডাঁটা (কুচি করা)
৩ চা চামচ সর্ষে (গুঁড়ো করা)
২ চা চামচ লঙ্কার গুঁড়ো
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ ভিনেগার
১ চা চামচ মেথি
১/২ চা চামচ মৌরি
২ চিমটি হিং
প্রয়োজনমতো তেল
স্বাদমতো লবণ
প্রণালী
* শুরুতেই সজনে ডাঁটাগুলো ভাল করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন।
* এবার একটি পাত্রে জল গরম করুন, তাতে কেটে রাখা সজনে টুকরোগুলো দিয়ে প্রায় ৫ মিনিট ধরে সেদ্ধ করে নিন। এরপর সজনেগুলো জল থেকে তুলে (ছেঁকে) আলাদা করে রাখুন।
* এবার একটি কাঁচের বয়াম নিন। তাতে সর্ষের দানা এবং লবণ দিয়ে দিন। এরপর এর ওপর হালকা গরম জল ঢেলে দিন। এবার সেদ্ধ করা সজনেগুলো বয়ামে দিয়ে ঢাকনা আটকে দিন এবং ৩ দিনের জন্য একপাশে রেখে দিন।
* তিন দিন পর সজনেগুলো কিছুটা টক হয়ে আসবে। বয়াম থেকে সজনেগুলো বের করে নিন, ভাল করে ধুয়ে ফেলুন এবং ৩-৪ ঘণ্টা রোদে শুকিয়ে নিন।
* এবার একটি কড়াইতে তেল দিন এবং মাঝারি আঁচে গরম করে নিন। তেল গরম হয়ে গেলে তাতে হিং দিয়ে দিন এবং সঙ্গে সঙ্গেই গ্যাস নিভিয়ে দিন।
* এবার শুকিয়ে রাখা সজনে এই তেলের মধ্যে দিয়ে দিন এবং কিছুক্ষণ তেলের মধ্যেই রেখে দিন।
* তেল যখন ঠাণ্ডা হয়ে আসবে, তখন তাতে সর্ষে, মেথি, হলুদ এবং অন্যান্য শুকনো মশলা দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
* এবার স্বাদমতো লবণ এবং ভিনেগার যোগ করুন এবং আচারটি পুনরায় ভাল করে নেড়ে মিশিয়ে নিন।
* তৈরি হয়ে যাওয়া আচারটি পুনরায় একটি কাঁচের বয়ামে ভরে রাখুন এবং ২-৩ দিনের জন্য রেখে দিন।
* ২-৩ দিন পর, আপনার সুস্বাদু সজনে আচার পরিবেশনের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। দুপুরের বা রাতের খাবারের সঙ্গে এটি পরিবেশন করুন।