
শীত হোক বা গরম, ভাতের পাতে বেগুন পোড়া থাকলে জমে যায় খাওয়াদাওয়া। এক বাটি বেগুন পোড়া দিয়ে গোটা ভাতটাই সাবড়ে ফেলা যেতে পারে। তবে চেনা বেগুন পোড়ার স্বাদে আনতে পারেন একটু অন্যরকম টুইস্ট। তার জন্য রয়েছে সহজ উপায়। বেগুনের গা হালকা করে চিরে তার মধ্যে ঢুকিয়ে দিন রসুনের কোয়া আর কাঁচালঙ্কা। বেশি দেবেন না।
একটি বেগুনের চার থেকে পাঁচটি জায়গা চিরে চার-পাঁচ কোয়া খোসা ছাড়ানো রসুন দিন। আর দুটি জায়গা চিড়ে দিন ছোট কাঁচালঙ্কা। এই অবস্থাতেই বেগুনটি ভালো করে পুড়িয়ে নিন। বেগুন পোড়া হয়ে গেলে খোসা ছাড়িয়ে ভিতরের অংশ একটি পাত্রে নিয়ে নিন। এবার পেঁয়াজ, সর্ষের তেল, নুন-সহ প্রয়োজনীয় উপকরণ দিয়ে ভালো করে মেখে নিন। লঙ্কার জন্য পোড়া লঙ্কাটি ব্যবহার করুন। এছাড়াও, স্বাদ বাড়ানোর জন্য ধনেপাতাও ব্যবহার করতে পারেন।
আরও সিক্রেট মশালা
আর এখানেই আসল চমক! মাখার একেবারে শেষ পর্যায়ে মিশিয়ে দিন সামান্য ম্যাগি মশলা। এই বিশেষ মশলার ছোঁয়ায় চেনা বেগুন পোড়ার স্বাদে আসবে নতুনত্ব। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার এই স্পেশাল বেগুন পোড়া। অল্প কয়েকটি উপকরণেই ঘরোয়া রান্নায় এনে ফেলুন রেস্তরাঁর মতো স্বাদের নতুন চমক।