অনেকেই পনির খেতে ভালোবাসেন। তবে একই পদ নিয়মিত খেয়ে খেয়ে মুখে অরুচি চলে আসে। তাই আজ একটা সেরা পদের খোঁজ দেব। এই পদটি হল নিরামিষ পনির ভাপা। এই পদ বানাতে পেঁয়াজ বা রসুন লাগবে না। উল্টে যে কোনও সময় খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই সুস্বাদু পদ। একবার ঠিক ঠাক রান্না করে নিতে পারলেই কেল্লাফতে। ভাত এবং রুটির সঙ্গে জমিয়ে খেতে পারবেন। তারপর নিয়মিত বাড়িতে বানিয়ে নেবেন এই পদ।
তাই আর সময় নষ্ট নয়, বরং পনির ভাপা বানানোর সহজ রেসিপি জেনে নিন। তারপর এই পদ বানান। হলফ করে বলতে পারি, একবার খেলেই হাত চাটবেন।
- পনির লাগবে ২৫০ গ্রাম
- সর্ষে বাটা ২ টেবিল চামচ ও ১ টেবিল চামচ পোস্ত একসঙ্গে বেটে নিন
- নারকেল কোরা লাগবে ৩ থেকে ৪ টেবিল চামচ
- টক দই নিন ২ টেবিল চামচ
- কাঁচা লঙ্কা লাগবে ৪ থেকে ৫টি
- সেই সঙ্গে সর্ষের তেল নিন ২ টেবিল চামচ
- হলুদ গুঁড়ো লাগবে অল্প পরিমাণে
- নুন ও চিনি নিন স্বাদমতো
কীভাবে রান্না করবেন?
নিরমিষ পনির ভাপা বানাতে এই স্টেপগুলি মেনে চলুন-
- সবার প্রথমে একটি পাত্রে ফেটানো টক দই নিতে হবে। তাতে সর্ষে-পোস্ত বাটা, নারকেল কোরা, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য নুন ও চিনি দিন। এগুলি ভাল করে মিশিয়ে নিতে হবে।
- তারপর ভাল করে ওই মশলায় পনিরের টুকরোগুলো ফেলে দিন। তারপর মিশিয়ে নিতে হবে। দেখবেন যেন পনির ভেঙে না যায়।
- এবার ঢাকনা থাকা একটি স্টিলের বাটি বা টিফিন কৌটো নিন। তাতে পনির ও মশলার মিশ্রণটি ঢেলে তে হবে। তার উপর চেরা কাঁচা লঙ্কা দিন। আর উপরে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। তারপর কৌটোর মুখ ভাল করে বন্ধ করে দিন।
- এবার গ্যাস ধরান। তাতে একটা কড়াই চাপান। সেটাতে কিছুটা জল দিন। তার মধ্যে একটি স্ট্যান্ড বসাতে হবে। তার উপর টিফিন কৌটোটি রেখে দিন।
- তারপর মাঝারি আঁচে ১৫-২০ মিনিট ভাপে সেদ্ধ হতে দিন। তাহলেই তৈরি হয়ে যাবে নিরামিষ পনির ভাপা।
রান্না হয়ে গেলে নামিয়ে নিন। এটাকে একটু ঠান্ডা হতে দিন। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। নিরামিষ পনির ভাপা খেতে লাগবে দারুণ।