Advertisement

Acidity Relief: ভাইফোঁটায় মাটন, মিষ্টি খেয়ে গ্যাস-অ্যাসিডিটি? নামী ডাক্তারের টিপস

যদি এ দিন খাওয়াদাওয়া করে এমন সমস্যায় পড়েন, তাহলে কী করবেন? আর সেই উত্তরটাই বাংলা.আজতক.ইন-কে দিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ উৎসব দাস।

ভাইফোঁটায় মাটন, মিষ্টি খেয়ে গ্যাস-অ্যাসিডিটি?ভাইফোঁটায় মাটন, মিষ্টি খেয়ে গ্যাস-অ্যাসিডিটি?
সায়ন নস্কর
  • কলকাতা,
  • 23 Oct 2025,
  • अपडेटेड 2:13 PM IST
  • দিনের শুরু হয় মিষ্টিমুখের মাধ্যমে
  • তারপর লুচি, পাঁঠার মাংস, চিকেন থেকে একাধিক সুস্বাদু খাবার খাওয়া চলতেই থাকে
  • এই সব খাবার খেয়েই অনেকের পেট আইঢাই করে

ভাইফোঁটা মানেই ভাই-বোনের মিলন উৎসব। তাই এই বিশেষ দিনে যে জমিয়ে ভূরিভোজ হবে, এই কথা তো বলাই বাহুল্য! এক্ষেত্রে দিনের শুরু হয় মিষ্টিমুখের মাধ্যমে। তারপর লুচি, পাঁঠার মাংস, চিকেন থেকে একাধিক সুস্বাদু খাবার খাওয়া চলতেই থাকে। আর এই সব খাবার খেয়েই অনেকের পেট আইঢাই করে। তাঁরা গ্যাস, অ্যাসিডিটির শিকার হন।

এখন প্রশ্ন হল, আপনারাও যদি এ দিন খাওয়াদাওয়া করে এমন সমস্যায় পড়েন, তাহলে কী করবেন? আর সেই উত্তরটাই বাংলা.আজতক.ইন-কে দিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ উৎসব দাস।

তিনি প্রাথমিকভাবে বলেন, 'এ দিন ভালোমন্দ খাবার খাওয়া চলবেই। এটা সকলেই জানেন। তবে যাঁর যেই খাবারে সমস্যা রয়েছে, সেটা না খাওয়াই ভাল। অর্থাৎ আপনার যদি মাটন খেলে সমস্যা হয়, তাহলে সেটা খাবেন না। এমনভাবে যার যেই খাবারে সমস্যা রয়েছে, তারা সেটা এড়িয়ে চলুন। এছাড়া মদ, কোল্ড ড্রিংক খাবেন না। পাশাপাশি একবারে বেশি খাবার খাওয়া উচিত নয়। তার বদলে অল্প খাবার খান।'

খাওয়ার পর হেঁটে নিন

গ্যাস, অ্যাসিডিটির সমস্যা এড়াতে চাইলে আপনাকে খাবার খাওয়ার পর হেঁটে নিতে হবে। তাতে খাবার হজম হবে দ্রুত গতিতে। যার ফলে সমস্যা হবে না বলে মনে করেন ডাঃ দাস।

এছাড়া খাবার খাওয়ার পরই শুয়ে পড়বেন না। অন্তত ২ থেকে ৩ ঘণ্টা বাদে শুতে যান। তাতেই মিলবে উপকার। সমস্যা হবে না।

এই সব ঘরোয়া টোটকা ব্যবহার করুন

প্রথমেই ওষুধ খেতে বারণ করলেন ডাঃ দাস। তার বদলে তিনি একটু আদা, একটু মৌরি খাওয়ার পরামর্শ দিলেন। আসলে এই ভেষজগুলি হজম ক্ষমতা বাড়াতে পারে। যার ফলে গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁপার মতো সমস্যা যেতে পারে মিটে।

এছাড়া এই সময় জল খেতে হবে বেশি করে। তাতে পাকস্থলী এবং অন্ত্র নিজের কাজ ঠিকমতো করতে পারবে। এর ফলেও সমস্যা কমবে বলে মনে করেন তিনি।

Advertisement

অ্যান্টাসিড খেয়ে নিন

এই সব ঘরোয়া টোটকা কাজে না এলে একটা অ্যান্টাসিড খাওয়ার পরামর্শ দিলেন ডাঃ দাস। তাতেই সমস্যা কমে যাবে বলে মনে করেন তিনি। তবে এই ওষুধ খেয়েও সমস্যা না কমলে নিতে হবে চিকিৎসকের পরামর্শ। নইলে বড় বিপদ হতে পারে বলে সতর্ক করলেন তিনি।

Read more!
Advertisement
Advertisement