
কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গে হেডলাইনে রয়েছে সয়াবিন। এই উদ্ভিজ্জ প্রোটিন সমৃদ্ধি খাবারের খাদ্যগুণ এখন আতসকাচের তলায়। অনেকেই সয়াবিনের ফাটাফাটি গুণগান করছেন। আবার কেউ কেউ এর নিন্দা করতেও ছাড়ছেন না। এমনকী কিছু মানুষ তো দাবি করছেন, সোয়াবিন খেলে কমে যেতে পারে পুরুষের ফার্টিলিটি! বন্ধ্যাত্ব পিছু নিতে পারে। যদিও বিষয়টা কি সত্যিই তাই? সেই উত্তরটা জানতেই আমরা যোগাযোগ করেছিলাম কলকাতা শহরের বিশিষ্ট ডাক্তার রুদ্রজিৎ পালের সঙ্গে।
সয়াবিন খেলে কি সত্যিই বাবা হতে সমস্যা হবে?
এই প্রসঙ্গে প্রথমেই একটা গবেষণার কথা বলা যাক। এই গবেষণাটি প্রকাশিত হয়েছে ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে। সেখানে বলা হয়েছে, সয়াবিন বা সয়াবিনের আইসোফ্ল্যাভন বেশি পরিমাণে গ্রহণ করলে শুক্রাণুর ঘনত্ব (স্পার্ম কনসেন্ট্রেশন) কমে যেতে পারে। আর এমনটা হলে যে বাবা হওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে, এই কথা তো বলাই বাহুল্য।
যদিও এই গবেষণার ফলাফল মেনে নিলেও সয়াবিন খেলে যে বাবা হতে সমস্যা হতে পারে, এই তত্ত্ব মানতে নারাজ ডা: পাল। তিনি বলেন, 'এই বিষয়ে সয়াবিন নিয়ে এ পর্যন্ত একটাই ভাল স্টাডি হয়েছে। আর সেটার ফলাফলও তেমন মারাত্মক কিছু নয়। মূল ব্যাপারটা হচ্ছে অতিরিক্ত পরিমাণ। ধরুন, স্বাভাবিকের চেয়ে কেউ যদি ১০ গুণ বেশি সয়াবিন খায়, তাহলে সমস্যা হতে পারে। এক্ষেত্রে দিনে ৫০০ গ্রামের মতো সয়াবিন খেলে বিপদ হলেও হতে পারে। কিন্তু আমরা সাধারণত যে পরিমাণে খাই, তাতে শরীরের কোনও ক্ষতিই হয় না।'
এরপর চিকিৎসক বিষয়টা সম্পর্কে ব্যাখ্যা করে জানান, সয়াবিনে প্রচুর পরিমাণে আইসোফ্ল্যাভন থাকে। এটি এক ধরনের উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোইস্ট্রোজেন। এটি নারীদের প্রধান হরমোন ইস্ট্রোজেন হরমোনের মতো কাজ করতে পারে। আর সেটাই পুরুষের জন্য বিপদের কারণ হতে পারে।
তবে তাঁর দাবি, আমরা এত কম পরিমাণ সয়াবিন খাই, যাতে বাবা হওয়ার ক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতা আসা সম্ভব নয়।
আমাদের সয়াবিন খাওয়ার ধরন অনেক নিরাপদ
জাপান ও অন্যান্য কিছু দেশে যেভাবে সয়াবিন খাওয়া হয়, তার থেকে ভারতে অনেক নিরাপদে খাওয়া হয়ে থাকে বলে মনে করছেন এই চিকিৎসক। তাঁর কথায়, 'জাপান বা অন্য দেশে সরাসরি আসল সয়াবিনের ডাল সেদ্ধ করে বা অন্য উপায়ে রান্না করা হয়। সেটা খাওয়া হয়। আর আমাদের দেশে যে সয়াবিন চাঙ্ক খাই, সেটা আসলে সয়াবিনকে প্রেস করে তেল বের করে নেওয়ার পর যে ছিবড়েটা থাকে, সেটা দিয়ে তৈরি। এর ফলে এই খাবারের পুষ্টিগুণ বা অন্যান্য উপাদানের তীব্রতা অনেকটাই কমে যায়। তেলের সঙ্গেই ক্ষতিকর বা হরমোনের ওপর প্রভাব ফেলতে পারে এমন অ্যালকালয়েড বা আইসোফ্ল্যাভনগুলো বেরিয়ে যায়। তাই এটি থেকে বড় কোনও সমস্যা হওয়ার সুযোগ কম।'
তাই পুরুষদের ঘাবড়ে না গিয়ে নিয়মিত সয়াবিন খাওয়ার পরামর্শ দিলেন তিনি। যদিও প্রোটিনের জন্য খুব বেশি পরিমাণে খাওয়া চলবে না। বরং অল্প করে খেতে বললেন ডা: পাল।
সয়াবিনের পুষ্টিগুণ
সয়াবিন অত্যন্ত উপকারী খাবার। ১০০ গ্রাম কাঁচা সয়াবিনে প্রায় ৩৬-৪০ গ্রাম প্রোটিন থাকে। পাশাপাশি ১৯-২০ গ্রাম হেলদি ফ্যাটও মেলে এর থেকে। সেই সঙ্গে ৩০ গ্রাম কার্বোহাইড্রেট এবং ৯ গ্রাম ফাইবার থাকে। এছাড়া এই খাবারে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রনের মতো খনিজ রয়েছে। পাশাপাশি ভিটামিন কে পাবেন এতে। তাই নিয়মিত অবশ্যই সয়াবিন খান।