
শুধু Bisleri-ই নয়, আরও ৬টি খাদ্যপণ্য ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে FSSAI। ইতিমধ্যেই পানীয় জলে ক্ষতিকর রাসায়নিক মেশানোর অভিযোগে বিসলেরি ইন্টারন্যাশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা। ল্যাবোরেটরিতে পরীক্ষার পরেই বিসলারির জলকে অসুরক্ষিত ঘোষণা করেছে FSSAI। যদিও বিসলারি-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের জল সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যকর।
শুধু Bisleri নয়, খাদ্যপণ্যে ভেজাল, কীটনাশকের অবশিষ্টাংশ, ভারী ধাতুর উপস্থিতি, ভুল লেবেল এবং অস্বাস্থ্যকর উৎপাদন ব্যবস্থার অভিযোগে আরও ছ'টি খাদ্য প্রস্তুতকারক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ করেছে FSSAI। কোথাও মামলা করার অনুমতি দেওয়া হয়েছে, কোথাও আবার সংশ্লিষ্ট পণ্যের ব্যাচ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকটি সংস্থার লাইসেন্সও সাময়িকভাবে বাতিল করা হয়েছে।
Bisleri-র জলের নমুনায় কী পাওয়া গিয়েছে?
FSSAI-এর তথ্য অনুযায়ী, Bisleri International-এর উৎপাদন কেন্দ্র থেকে পানীয় জলের একটি নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষায় দেখা যায়, ওই নমুনায় ব্রোমেটের পরিমাণ নির্ধারিত মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সেই কারণে নমুনাটিকে খাদ্য সুরক্ষা ও মান আইন, ২০০৬ অনুযায়ী নিরাপদ নয় বলে ঘোষণা করা হয়। প্রাথমিক পরীক্ষার ফলাফলে আপত্তি জানিয়ে সংস্থার তরফে আবেদন করা হয়। এরপর নমুনাটি পরীক্ষার জন্য পাঠানো হয় রেফারেল ফুড ল্যাবরেটরিতে। সেখানেও পরীক্ষার পর নমুনাটিকে অনিরাপদ বলে ঘোষণা করা হয়। রেফারেল ল্যাবরেটরির পরীক্ষায় পলিসাইক্লিক অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন (PAHs)-এর উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। এরপরই Bisleri International-এর বিরুদ্ধে মামলা করার পথে হাঁটছে FSSAI।
লঙ্কার গুঁড়োয় কীটনাশক
Bisleri ছাড়াও Vasant Masala Private Limited-এর বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে FSSAI। সংস্থার 'Kumthi Kashmiri' ব্র্যান্ডের লঙ্কার গুঁড়োর নমুনায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পরিমাণে ডাইফেনোকোনেজোল নামের কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া গিয়েছে। প্রাথমিক পরীক্ষার পর সংস্থার আবেদনে নমুনাটি রেফারেল ফুড ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখানেও পণ্যটিকে অনিরাপদ বলে ঘোষণা করা হয়েছে।
Tit-Bit Foods (India) Pvt. Ltd.-এর 'শঙ্খেশ্বরী' ব্র্যান্ডের প্যাকেটজাত লঙ্কার গুঁড়োতেও নির্ধারিত মাত্রার তুলনায় বেশি কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া গিয়েছে। পরীক্ষার পর ওই পণ্যটিকেও অনিরাপদ ঘোষণা করেছে FSSAI। সংস্থাটির বিরুদ্ধে মামলা শুরুর অনুমতিও দেওয়া হয়েছে।
হলুদ গুঁড়োয় অতিরিক্ত টিন
Tit-Bit Foods-এর বিরুদ্ধে আরও একটি অভিযোগ উঠেছে। সংস্থার প্যাকেটজাত হলুদ গুঁড়োর নমুনায় অতিরিক্ত পরিমাণে টিন পাওয়া গিয়েছে। পরীক্ষায় টিনের পরিমাণ ছিল প্রতি কেজিতে ০.০১৪ মিলিগ্রাম। অথচ নির্ধারিত সর্বোচ্চ সীমা প্রতি কেজিতে ০.০১ মিলিগ্রাম। নির্ধারিত মাত্রার চেয়ে বেশি টিনের উপস্থিতির কারণে ওই হলুদ গুঁড়োকেও নিরাপদ নয় বলে ঘোষণা করা হয়েছে। এই ঘটনায়ও সংস্থার বিরুদ্ধে মামলা শুরুর অনুমতি দিয়েছে FSSAI।
আখরোটেও মিলেছে একাধিক ত্রুটি
Mimansa Industries Private Limited-এর বিরুদ্ধে পদক্ষেপ করেছে খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা। সংস্থার উৎপাদিত আখরোটের নমুনায় প্রথমে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অংশ এবং পোকায় নষ্ট হওয়া অংশের উপস্থিতি পাওয়া যায়। সেই কারণে পণ্যটিকে নিম্নমানের বলে ঘোষণা করা হয়েছিল। এরপর সংস্থার আবেদনে নমুনাটি রেফারেল ফুড ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখানে পরীক্ষায় আখরোটে অতিরিক্ত আর্দ্রতা, ক্ষতিগ্রস্ত অংশ এবং নিষ্কাশিত তেলের অম্লতার মাত্রা নির্ধারিত সীমার বেশি পাওয়া যায়। পাশাপাশি আখরোটে পচন ও বাসি হয়ে যাওয়ার লক্ষণও ধরা পড়ে। এরপর পণ্যটিকে নিম্নমানের পাশাপাশি অনিরাপদ বলেও ঘোষণা করা হয়।
চকোলেট কুকিজে নিষিদ্ধ রং, বাজার থেকে পণ্য তুলে নেওয়ার নির্দেশ
আশা কনফেকশনারি-র তৈরি প্যাকেটজাত চকোলেট কুকিজ নিয়েও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। পরীক্ষায় দেখা যায়, প্যাকেটের গায়ে উল্লেখ করা মোট শর্করা ও অতিরিক্ত শর্করার পরিমাণের সঙ্গে পরীক্ষাগারে পাওয়া ফলের অমিল রয়েছে। এ ছাড়া উপাদান ও খাদ্য সংযোজক সংক্রান্ত বাধ্যতামূলক তথ্যও প্যাকেটের গায়ে উল্লেখ করা হয়নি। পরীক্ষায় Carnosine-এর উপস্থিতি পাওয়া গেলেও লেবেলে তার উল্লেখ ছিল না। কুকিজে নির্ধারিত সীমার তুলনায় বেশি পরিমাণে Tartrazine পাওয়া গিয়েছে। পাশাপাশি ওই নির্দিষ্ট খাদ্যপণ্যে ব্যবহারের অনুমতি নেই, এমন Sunset Yellow FCF রংও মিলেছে।
অস্বাস্থ্যকর পরিবেশ,সায়েন্সেস-এর লাইসেন্স বাতিল
Urmi Lifesciences LLP-এর বিরুদ্ধে গুরুতর স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সংস্থার উৎপাদন কেন্দ্র পরিদর্শন করে একাধিক অনিয়ম দেখতে পান আধিকারিকরা। কারখানার বিভিন্ন জায়গায় মাকড়সার জাল, খসে পড়া দেওয়ালের রং এবং যন্ত্রপাতি ও মেঝেতে ধুলোর আস্তরণ দেখা যায়। খাদ্যপণ্যের পাশে সিলিকা-সহ এমন কিছু উপাদান ও খাদ্যবহির্ভূত সামগ্রীও পাওয়া যায়, যেগুলি ব্যবহারের অনুমতি নেই। কাঁচামাল এবং তৈরি পণ্যের গায়ে যথাযথ লেবেল, পরিচিতি ও উৎস সংক্রান্ত তথ্যও ছিল না। এমনকী, অনেক খাদ্যপণ্য সরাসরি মেঝের উপর রাখা হয়েছিল।
পরিদর্শনে আরও দেখা যায়, অনুমোদনহীন একটি পণ্য উৎপাদন করা হয়েছে, যা প্রাথমিকভাবে অনিরাপদ বলে মনে করা হয়েছে। পণ্যটি রফতানির জন্য তৈরি করা হচ্ছিল বলে জানা গিয়েছে। কীটপতঙ্গ নিয়ন্ত্রণ এবং খাদ্যপণ্যের উপযোগী প্যাকেজিংয়ের ক্ষেত্রেও একাধিক নিয়ম মানা হয়নি।
পরিদর্শনের পর সংস্থাটিকে মাত্র ১৫ শতাংশ কমপ্লায়েন্স স্কোর দেওয়া হয়। তারা নিয়ম না মানার তালিকায় পড়েছে। এরপরই Urmi Lifesciences-এর লাইসেন্স অবিলম্বে স্থগিত করে FSSAI।
অনুমোদন ছাড়াই পণ্য প্যাকেটজাত, Gaur Ayurvedic Store-এর লাইসেন্স স্থগিত
Gaur Ayurvedic Store-এর বিরুদ্ধেও একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। FSSAI-এর অনুমোদিত লাইসেন্সের আওতায় নেই, এমন কিছু সামগ্রী নতুন করে প্যাকেটজাত করছিল প্রতিষ্ঠানটি। সেই তালিকায় রয়েছে লাল চন্দন, সাদা চন্দন, মর্দা সিংহী এবং টগর গুঁড়ো। এ ছাড়াও কপার সালফেট প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ। ওই প্যাকেটগুলিতে প্রতিষ্ঠানের FSSAI লাইসেন্সের নম্বরও ব্যবহার করা হয়েছিল। পরিদর্শনে প্রতিষ্ঠানের ভিতরে পর্যাপ্ত পরিচ্ছন্নতা ও খাদ্য সুরক্ষার ব্যবস্থা না থাকার বিষয়টি সামনে আসে। বায়ু চলাচল, কীটপতঙ্গ নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ এবং পণ্য সংরক্ষণের ক্ষেত্রেও ঘাটতি ছিল।
বাধ্যতামূলক খাদ্য পরীক্ষা সংক্রান্ত নথি, খাদ্যপণ্যের উপযোগী প্যাকেজিংয়ের শংসাপত্র এবং কাঁচামাল পরীক্ষার রেকর্ডও দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। লাইসেন্সের শর্ত অনুযায়ী নির্দিষ্ট তথ্য প্রদর্শন, নিয়মিত খাদ্য পরীক্ষা এবং উৎপাদন ও বিক্রির হিসাব রাখার ক্ষেত্রেও অনিয়ম পাওয়া গিয়েছে। পরিদর্শনের সময় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত মনোনীত ব্যক্তি এবং ঘোষিত কারিগরিভাবে যোগ্য কর্মীও উপস্থিত ছিলেন না। সব মিলিয়ে প্রতিষ্ঠানটিকে মাত্র ২৮ শতাংশ কমপ্লায়েন্স স্কোর দেওয়া হয়। এরপরই Gaur Ayurvedic Store-এর FSSAI লাইসেন্স অবিলম্বে স্থগিত করা হয়েছে।
Bisleri-র পাল্টা দাবি, 'আমাদের পানীয় জল নিরাপদ'
FSSAI-এর পদক্ষেপের খবর প্রকাশ্যে আসার পর নিজেদের অবস্থান জানিয়ে বিবৃতি দিয়েছেবিসলেরি ইন্টারন্যাশনাল। সংস্থার দাবি, এই বিষয়টি প্রায় ১৪ মাস আগের। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে গোয়ার উৎপাদন কেন্দ্রে তৈরি একটি নির্দিষ্ট ব্যাচের পানীয় জল নিয়ে এই বিতর্ক। সংস্থার মোট ১৪৩টি উৎপাদন কেন্দ্রের মধ্যে এটি একটি। Bisleri-র বক্তব্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর FSSAI গোয়ার ওই উৎপাদন কেন্দ্র থেকে ছ'টি নমুনা সংগ্রহ করেছিল। প্রাথমিক পরীক্ষায় পাঁচটি নমুনা নির্ধারিত সমস্ত মানদণ্ড পূরণ করে। তবে ষষ্ঠ নমুনাটিতে প্রতি লিটারে ১২ মাইক্রোগ্রাম ব্রোমেট পাওয়া যায়। নির্ধারিত সর্বোচ্চ সীমা প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রাম।
এই পরীক্ষার ফলের বিরুদ্ধে ২০২৫ সালের ২২ নভেম্বর আবেদন জানায় বিসলেরি। এরপর নমুনাটি রেফারেল ল্যাবরেটরিতে পাঠানো হয়। সংস্থার দাবি, সেখানে পরীক্ষায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে পাওয়া গিয়েছিল। তবে একই নমুনায় পলিসাইক্লিক অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন বা PAHs-এর উপস্থিতির কথা উল্লেখ করা হয়। পরীক্ষার দুই ফলাফলের মধ্যে এই পার্থক্য নিয়ে প্রশ্ন তুলেছিল সংস্থা। এরপর FSSAI অনুমোদিত একটি স্বাধীন পরীক্ষাগারেও একই নমুনা পরীক্ষা করায় Bisleri। সংস্থার দাবি, সেই পরীক্ষাতেও ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই ছিল।
২০২৬ সালের ২ ফেব্রুয়ারি স্বাধীন পরীক্ষাগারের রিপোর্ট-সহ FSSAI-এর পশ্চিমাঞ্চলীয় দফতরে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছিল বলে দাবি করেছে Bisleri। সংস্থার বক্তব্য, এরপর FSSAI-এর তরফে তারা আর কোনও যোগাযোগ পায়নি। ফলে বিষয়টি নিষ্পত্তি হয়ে গিয়েছে বলেই তারা ধরে নিয়েছিল। এমনকী, সম্প্রতি যে নোটিসের কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটিও ই-মেল বা কাগজে তারা পায়নি বলে দাবি Bisleri-র। FSSAI-এর ওয়েবসাইটেও ওই নোটিস খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থা।
Bisleri-র দাবি, পানীয় জলের গুণমান বজায় রাখতে তাদের উৎপাদন প্রক্রিয়ায় ১০টি ধাপে ৯০টিরও বেশি পরীক্ষা করা হয়। খাদ্য সুরক্ষা সংস্থার সঙ্গে সহযোগিতা করতেও তারা প্রস্তুত। দীর্ঘদিনের বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে নিজেদের পানীয় জলকে সম্পূর্ণ নিরাপদ বলেই দাবি করেছে সংস্থাটি।