Advertisement

Dengue platelet Count: ডেঙ্গিতে প্লেটলেট কতটা নামলে হাসপাতালে যাওয়া উচিত? কলকাতার নামী ডাক্তার জানালেন

ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। নিয়মিত বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুও হচ্ছে ডেঙ্গিতে। এখন প্রশ্ন হল, প্লেটলেট কাউন্ট ঠিক কতটা নামলে সতর্ক হতে হবে? ভর্তি করাতে হবে হাসপাতালে? আর সেই উত্তরটাই দিলেন বিশিষ্ট চিকিৎসক।

ডেঙ্গিতে প্লেটলেট কাউন্ট (ছবি: পিক্সেলস)ডেঙ্গিতে প্লেটলেট কাউন্ট (ছবি: পিক্সেলস)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Sep 2026,
  • अपडेटेड 4:04 PM IST
  • ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে
  • নিয়মিত বাড়ছে আক্রান্তের সংখ্যা
  • প্লেটলেট কাউন্ট ঠিক কতটা নামলে সতর্ক হতে হবে?

পশ্চিমবঙ্গে বাড়ছে ডেঙ্গি। চলতি বছরে আক্রান্তের সংখ্যা কয়েক হাজার পেরিয়েছে। এমনকী এই মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে এক বালক প্রাণ হারিয়েছে বলেও খবর। আর এমন পরিস্থিতিতেই অনেকের মনে প্রশ্ন, ডেঙ্গিতে প্লেটলেট ঠিক কতটা নামলে হাসপাতালে ভর্তি করা জরুরি? কখন বাইরে থেকে প্লেটলেট দেওয়ার প্রয়োজন পড়ে? আর সেই উত্তরটা জানতেই আমরা যোগাযোগ করেছিলাম কলকাতা শহরের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: অরিন্দম বিশ্বাসের সঙ্গে। আসুন তাঁর মত জেনে নেওয়া যাক। 

ডেঙ্গিতে প্লেটলেট কমে কেন?
তার আগে জানতে হবে প্লাটিলেট আসলে কী। এক্ষেত্রে প্লেটলেট হল অণুচক্রিকা। এটি আমাদের রক্তে উপস্থিত এক ধরনের ক্ষুদ্র কণিকা। এটি রক্ত জমাট বাঁধতে এবং রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। তাই রক্তে স্বাভাবিক পরিমাণে প্লেটলেট থাকা জরুরি। 

এক্ষেত্রে প্রতি মাইক্রোলিটার রক্তে ১,৫০,০০০ থেকে ৪,৫০,০০০ প্লেটলেট থাকলে স্বাভাবিক। তবে দেড় লাখের নীচে প্লেটলেট নেমে যাওয়াটা অস্বাভাবিক। 

আর মুশকিল হল, ডেঙ্গিতে প্লেটলেট খুব দ্রুত গতিতে কমতে থাকে। এই ভাইরাসের আক্রমণে নষ্ট হয়ে যায় প্লেটলেট। যার ফলে বিপদ বাড়ে।

প্লেটলেট কতটা কমলে বিপদ? 
ডেঙ্গিতে প্লেটলেট কমা নিয়ে মানুষের মনে প্রশ্ন রয়েছে। অনেকেই জানতে চান, প্লেটলেট কতটা কমা বিপজ্জনক? আর তার উত্তরে ডা: অরিন্দম বিশ্বাস বলেন, 'শুধু প্লেটলেট কমার বিষয়টা মাথায় রাখলেই হয় না। সেই সঙ্গে ডেঙ্গি রোগীর আরও কিছু বিষয় নজর রাখা জরুরি। এক্ষেত্রে কোনও রোগীর যদি প্লেটলেট ১০ হাজারের নীচে নেমে যায়, তাহলে অবশ্যই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হবে। এছাড়া কারও প্লেটলেট ১ লক্ষ থাকার পরও যদি ব্লিডিং শুরু হয়, তাহলেই হাসপাতালে ভর্তি করতে হবে। এক্ষেত্রে ডেঙ্গি রোগীর ব্লিডিং হলেই হাসপাতালে ভর্তি করা জরুরি। নইলে পরিস্থিতি খারাপ দিকে মোড় নিতে সময় লাগবে না।'

প্লেটলেট কমলে চিকিৎসা কী? 
এক্ষেত্রে বাইরে থেকে প্লেটলেট দিতে হবে। এটাই হল প্রধান চিকিৎসা। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে স্টেরয়েড ওষুধ দেওয়ার প্রয়োজন পড়তে পারে বলেও জানালেন ডা: বিশ্বাস। 

Advertisement

সেই সঙ্গে তিনি বলেন, 'কী কারণে প্লেটলেট কমছে, সেটা দেখাও ভীষণ জরুরি। কারণ খুঁজে পাওয়ার পর, সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে। তাহলেই রোগী সেরে উঠবেন।'

সবার সমস্যা হয় না
মাথায় রাখতে হবে, ডেঙ্গি সবক্ষেত্রে বিপদের দিকে যায় না। অধিকাংশ ক্ষেত্রেই রোগী সাধারণ কিছু ওষুধ খেয়ে বাড়িতেই সেরে ওঠেন। তবে নিয়মিত ব্লাড টেস্ট করতে হবে। চিকিৎসকের কাছে যেতে হবে। তাহলেই বড় বিপদ এড়ানো যাবে। 

ডেঙ্গির লক্ষণ জেনে নিন
১. খুব বেশি জ্বর
২. মাথা ব্যথা
৩. চোখের তলায় ব্যথা
৪. জয়েন্টে জয়েন্টে যন্ত্রণা
৫. ব়্যাশ 

তাই এই ধরনের লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। করান ডেঙ্গি টেস্ট।

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement