
(লিখছেন বিশিষ্ট পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদার)
প্রচণ্ড গরম পড়েছে। কড়া রোদের দোসর হয়েছে আর্দ্রতা। যার ফলে অস্বস্তি চরমে উঠেছে। তাই এই সময় জলপান বাড়াতে হবে। এমনকী বাইরে বেরলেও পর্যাপ্ত জল খাওয়া মাস্ট। নইলে শরীরের হাল বিগড়ে যেতে পারে।
আসলে আজকাল সব অফিসই শীতাতপ নিয়ন্ত্রিত। এমনকী বাড়ি বাড়িতে এসি। আর এই যন্ত্র চালিয়ে রাখলে ঠিক গরম টের পাওয়া যায়। তাই জলও খাওয়া কম। আর তাতেই বিপদ বাড়ে।
মাথায় রাখতে হবে, এসিতে থাকলেও আমাদের শরীরের জলের চাহিদা কমে না। সেই চাহিদা একইরকম থাকে। তাই গরমে এসিতে থাকা অবস্থায় জল কম খেলে বিপদ বাড়তে পারে। হতে পারে ডিহাইড্রেশন বা জলের ঘাটতি। তখন মাথা ঘোরা, অত্যধিক ক্লান্তি লাগা সহ একাধিক জটিল সমস্যা নিতে পারে পিছু।
তাই এসিতে থাকলেও পর্যাপ্ত জল খেতে হবে। নইলে শরীরের হাল বিগড়ে যেতে পারে।
এখন প্রশ্ন হল, এসিতে থাকলে এই সময় কতটা জল খাবেন? তার উত্তরে বলি, এই সময় দিনে অন্তত ২ থেকে ৩ লিটার জল খেতে হবে। আপনি এসিতে থাকলেও এই পরিমাণ জল খাওয়া মাস্ট। নইলে বিপদ বাড়বে বই কমবে না।
এক্ষেত্রে হাতের কাছে জলের বোতল রাখুন। যখনই তেষ্টা পাবে অল্প অল্প করে খেতে থাকুন। তাতেই সুস্থ থাকতে পারবেন।
এই সবও খেতে পারে
এই সময় শুধু জল নয়, এর পাশাপাশি বিভিন্ন পানীয় খেতে পারেন। এক্ষেত্রে লস্যি, আমের শরবত খেতে পারেন। এই দুই পানীয় শরীরকে এনার্জি দেবে।
তবে এই সময় অত্যধিক পরিমাণে চা বা কফি খাবেন না। তাতে শরীরে অস্বস্তি বাড়তে পারে। তাই এই ভুল নয়।
শাক, সবজি খান
এই সময় ভাল পরিমাণে শাক ও সবজি খেতে হবে। গরমের মরসুমি শাক ও সবজিতে ভাল পরিমাণে জল থাকে। পাশাপাশি থাকে ফাইবার। তাই এই সব খাবার খেলেই শরীর ও স্বাস্থ্যের হাল ফেরাতে পারবেন।
বাইরে থাকলে কতটা জল খাবেন?
এসিতে থাকলে ২ থেকে ৩ লিটার জল খান। তবে বাইরে বেরলে আরও বেশি, ৪ থেকে ৫ লিটার জলও খেতে পারেন। সবথেকে ভাল হয়, মাঝে মধ্যেই একটু একটু জল খেতে থাকলে। তাহলে সুস্থ থাকার কাজে এগিয়ে যাবেন।
বিদ্র: এই প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।