
ভারতের নামী ব্র্যান্ড Dabur-এর মধুতে ১০০ শতাংশ খাঁটি তকমা দেওয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে FSSAI। সংস্থার নির্দেশ, ঘি, মধু সহ সব প্রোডাক্টে ১০০ শতাংশ খাঁটি দাবি করে বিজ্ঞাপন করতে পারবে না Dabur। Dabur সংস্থার মধু ব্যাপক বিক্রি হয়। বহু মানুষ এই সংস্থার মধু কিনে থাকেন। বিশেষ করে বর্ষায় বা মরসুমী সর্দি-কাশিতে ভেষজ ওষুধ হিসেবে মধু অত্যন্ত উপকারী। কিন্তু ১০০ শতাংশ খাঁটি মধু কীভাবে বোঝা সম্ভব?
নকল মধুতে সাধারণত কী কী থাকে?
মধু ১০০ শতাংশ খাঁটি কি না, তা ধরা যায় কয়েক মিনিটেই। সাধারণত নকল মধুতে চিনি, গুড়, পাকা কলা ও ক্যান্ডি গলিয়ে মেশানো হয় নকল মধুতে। এছাড়াও নানা কেমিক্যালও থাকে।
কীভাবে বুঝবেন মধু ভেজাল?
১. খুব বেশি স্বচ্ছ বা একেবারে নিখুঁত দেখালে সতর্ক হোন
আসল মধুর রং ফুলের উৎস অনুযায়ী হালকা সোনালি থেকে গাঢ় অ্যাম্বার পর্যন্ত হতে পারে। এতে পরাগরেণু থাকায় সামান্য ঘোলাটে ভাবও দেখা যায়। কিন্তু অতিরিক্ত স্বচ্ছ ও চকচকে মধু অনেক সময় অতিরিক্ত প্রক্রিয়াজাত বা ভেজাল হতে পারে।
২. খুব দ্রুত গড়িয়ে পড়লে
বিশুদ্ধ মধু সাধারণত ঘন ও আঠালো হয়। চামচ থেকে ঢাললে ধীরে ধীরে সরু সুতোর মতো নেমে আসে। ভেজাল মধু তুলনামূলকভাবে বেশি পাতলা হয় এবং দ্রুত পড়ে যায়।
৩. প্রাকৃতিক সুগন্ধ না থাকলে
আসল মধুতে ফুলের হালকা সুগন্ধ থাকে। যদি কোনও গন্ধই না থাকে বা অস্বাভাবিক মিষ্টি গন্ধ পাওয়া যায়, তবে সেটি অতিরিক্ত প্রক্রিয়াজাত বা ভেজাল হওয়ার সম্ভাবনা থাকে।
৪. স্ফটিক (ক্রিস্টাল) জমলে ভয় পাবেন না
অনেকেই মনে করেন জমাট বাঁধা মধু নষ্ট হয়ে গেছে। আসলে বিশুদ্ধ মধু সময়ের সঙ্গে স্বাভাবিকভাবেই স্ফটিক আকার ধারণ করতে পারে। এটি নকল হওয়ার লক্ষণ নয়।
ঘরেই করুন ৩টি সহজ পরীক্ষা
জল পরীক্ষা
এক গ্লাস সাধারণ জলে এক চামচ মধু ফেলুন। বিশুদ্ধ মধু দ্রুত মিশে যায় না, বরং তলায় জমে থাকে। ভেজাল মধু তুলনামূলকভাবে দ্রুত জলে মিশে যেতে পারে।
টিস্যু বা কাগজ পরীক্ষা
সাদা টিস্যু বা ব্লটিং পেপারের উপর কয়েক ফোঁটা মধু ফেলুন। যদি মধু দ্রুত কাগজে শুষে গিয়ে ভেজা দাগ ফেলে, তাহলে তাতে অতিরিক্ত জল বা সিরাপ মেশানো থাকতে পারে। বিশুদ্ধ মধু সহজে কাগজে শোষিত হয় না।
তুলোর সলতে পরীক্ষা
একটি শুকনো তুলোর সলতে মধুতে ডুবিয়ে আগুন ধরানোর চেষ্টা করুন। যদি সলতেটি সহজে জ্বলে, তাহলে মধুতে অতিরিক্ত আর্দ্রতা নেই। তবে যদি জ্বলতে সমস্যা হয়, তাহলে তাতে জল বা অন্য কিছু মেশানো থাকতে পারে।