Advertisement

Bhai Phota Sweets for Diabetics: ভাইফোঁটায় এভাবে মিষ্টি খেলে সুগার বাড়বে না, টিপস দিলেন নামী ডায়াবেটিস বিশেষজ্ঞ

আজ ভাইফোঁটা। এই দিন অবশ্যই সুগার নিয়েও মিষ্টি খাবেন। কিন্তু সেক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে। সেই সব বিষয়ে বিশদে জানালেন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা: আশিস মিত্র।

ভাইফোঁটায় কীভাবে মিষ্টি খেলে সুগার বাড়বে না? জেনে নিন (ছবি: জেমিনি)ভাইফোঁটায় কীভাবে মিষ্টি খেলে সুগার বাড়বে না? জেনে নিন (ছবি: জেমিনি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Nov 2026,
  • अपडेटेड 7:52 AM IST
  • আজ ভাইফোঁটা, এই দিন অবশ্যই সুগার নিয়েও মিষ্টি খাবেন
  • সেক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে
  • সেই সব বিষয়ে বিশদে জানালেন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা: আশিস মিত্র

'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা'। ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়ার দিন ভাই বা দাদার দীর্ঘায়ু কামনা করে কপালে চন্দন বা দইয়ের ফোঁটা দিয়ে এই মন্ত্র পড়েন বোন ও দিদিরা। তারপর করানো হয় মিষ্টিমুখ। এটাই বাঙালি রীতি। এই রীতির সঙ্গে আমরা ছোটবেলা থেকেই পরিচিত। তবে মুশকিল হল, ভাইফোঁটায় কোনও সুস্থ ব্যক্তি না হয় মিষ্টি খেতে পারেন, কিন্তু ডায়াবেটিস থাকলে কী করা উচিত? আর এই বিষয়ে অভয় দিয়েছেন কলকাতার বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা: আশিস মিত্র। তিনি জানিয়েছেন, হাই সুগার রোগীরা ভাইফোঁটায় একদিন মিষ্টি খেতেই পারেন। তাতে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। তবে মিষ্টি খেলে অবশ্যই নিয়ম মেনে খেতে হবে। নইলে সমস্যা হতে পারে। 

তাই আর সময় নষ্ট না করে আসুন জেনে নেওয়া যাক, ডায়াবেটিসে মিষ্টি খাওয়ার ফর্মুলা। আশা করছি, এই নিয়ম মেনে খেলে অনায়াসে সুস্থ থাকবেন। 

একটার বেশি নয়
ডা: মিত্র বলেন, 'ডায়াবেটিস রোগীদের শরীরের ইনসুলিন হরমোন কাজ করে কম। যার ফলে খাবারে উপস্থিত মিষ্টি বা সুগারকে শরীর ভেঙে কাজে লাগাতে পারে না। তাই একটু হাই সুগার খাবার খেলেই রক্তে শর্করার পরিমাণ বাড়ে। তাই ডায়াবেটিস থাকলে মিষ্টি খাওয়ার সময় অবশ্যই সতর্ক হতে হবে। এক্ষেত্রে বেশি মিষ্টি একবারেই চলবে না। বরং চেষ্টা করুন একটা মিষ্টির মধ্যেই সবটা গুটিয়ে ফেলতে। একের বেশি রসোগোল্লা, সন্দেশ খেলেই সুগার বাড়বে। তাই সবার প্রথমে এই বিষয়টা মাথায় রাখতে হবে।'


ঠিক ঠাক মিষ্টি বেছে নিন
ডায়াবেটিস রোগীদের খাওয়ার জন্য সঠিক মিষ্টি বেছে নিতে হবে। ডা: মিত্রের কথায়, 'অনেকেই দোকান থেকে সুগার ফ্রি মিষ্টি কিনে খান। ভাবেন তাতে বুঝি ক্ষতি হবে না। যদিও এই ধরনের মিষ্টিতে সুইটনার হিসেবে কী দেওয়া হয়, সেটা কিন্তু জানা যায় না। তাই এই ধরনের মিষ্টি এড়িয়ে চলাই ভাল। তার বদলে হালকা সন্দেশ খেতে পারেন। এখন মিষ্টির দোকানে এই ধরনের প্রচুর সন্দেশ পাওয়া যায়। সেগুলি একটা খেলে খুব একটা সমস্যা হবে।'

Advertisement

পাশাপাশি তিনি সতর্ক করলেন কড়া পাকের মিষ্টি, ভাজা মিষ্টি নিয়ে। সেক্ষেত্রে লাড্ডু, কাজুবরফি, পান্তুয়ার মতো মিষ্টির থেকে দূরে থাকার দিলেন পরামর্শ। তাতেই শরীর সুস্থ থাকবে বলে জানালেন তিনি। 

অন্য কার্বোহাইড্রেট কম খান
মিষ্টি খেলে অন্যান্য কার্বোহাইড্রেট যুক্ত খাবার, যেমন- ভাত, রুটি কম খেতে হবে। এমনকী এড়িয়ে যেতে হবে আলু। তাহলেই সুগার কন্ট্রোলে থাকবে বলে মনে করেন ডা: মিত্র। 

প্রো টিপস
সবশেষে সুগার কমানোর একটা জব্বর টিপস দিয়েছেন ডা: মিত্র। তিনি জানিয়েছেন, মিষ্টি খাওয়ার পর অন্তত ১৫ মিনিট হাঁটতে হবে। এই কাজটা করলেই শরীরে যেই সুগারটা গিয়েছে, সেটা ঠিক ঠাক কাজ করবে। আপনি সুস্থ থাকতে পারবেন। 

বিদ্র: এটা একটি সাধারণ প্রতিবেদন। কোনও ওষুধ খাওয়ার আগে বা কোনও চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন।
 

 

Read more!
Advertisement
Advertisement