
(পরামর্শে বিশিষ্ট যোগ বিশেষজ্ঞ সিদ্ধার্থ লাহিড়ি)
প্রচণ্ড গরম। সকাল থেকেই অস্বস্তি তুঙ্গে। কিন্তু এমন দাবদাহ পরিস্থিতিতেও যোগ ছাড়লে চলবে না। নিয়মিত সেটা করে যেতে হবে। তাহলেই এই গরমের সঙ্গে মানিয়ে নিতে পারবে শরীর। অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা এক ধাক্কায় অনেকটাই কমে যাবে।
কিন্তু প্রশ্ন হল, এই প্রচণ্ড গরমে দিনের ঠিক কোন সময় যোগ করা উচিত? কোন সময় যোগ করলে শরীর থাকবে একবারে সুস্থ? আর সেই উত্তরটাই দিলাম এই লেখায়।
কোন সময় যোগ করবেন?
দেখুন, সবার প্রথমে কোন সময় যোগ করা উচিত হবে না, সেটা জেনে নিন। এক্ষেত্রে সূর্য মাথার উপর থাকার সময় একবারেই যোগ এড়িয়ে যেতে হবে। মোটামুটি সকাল ৯টার পর থেকে বিকেল ৫টা পর্যন্ত একবারেই যোগ করা যাবে না। এই সময় ব্যায়াম করলে আদতে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বাড়বে।
এবার আসল কথায় আসা যাক। এখন যা পরিস্থিতি, তাতে ভোর ভোর যোগ করাই ভাল। মোটামুটি ৫টা থেকে ৭টার মধ্যে যোগভ্যাস শেষ করে নিন। তাহলেই বিপদের আশঙ্কা থাকবে সবথেকে কম।
তবে অনেকেরই সকালের দিকে সময় হবে না। তাই তেমন কেউ থাকলে অনায়াসে সন্ধের পর ব্যায়াম করতে পারেন। এক্ষেত্রে মোটামুটি ৮টা-৯টার পর পরিবেশ ঠান্ডা হয়ে যায়। তখন ব্যায়াম করুন। তাহলেই সুস্থ থাকতে পারবেন।
এসি চালিয়ে যোগ করা যায়?
এই প্রশ্নটা অনেকেই আমাদের করে থাকেন। তবে সত্যি বলতে, এসিতে যোগ করা খুব একটা ভাল কিছু নয়। আসলে যোগের প্রাচীন নিয়ম অনুসারে এমন জায়গায় যোগ করতে হবে, যেখানে বায়ু চলাচল স্বাভাবিক হয়। আর এমনটা এসিতে সম্ভব নয়। এসিতে কৃত্রিমভাবে বায়ু চলচাল করে। তাই এসিতে ব্যায়াম না করাই ভাল। বরং সবথেকে ভাল হয়, যদি ঘরের জানলা-দরজা খুলে রেখে ব্যায়াম করতে পারেন। তাহলেই সবথেকে বেশি লাভ পাবেন।
দিনে কতক্ষণ এক্সারসাইজ?
এই বিষয়ে স্পষ্ট নির্দেশ রয়েছে। এক্ষেত্রে দিনে অন্তত ৩০ মিনিট যোগ করতে হবে। তার থেকে বেশি সময় যোগ করা যায়। তবে এর থেকে কম সময় ব্যায়াম করলে তেমন কোনও উপকার মিলবে না।
কোন ধরনের ব্যায়াম এই সময় করবেন?
এই সময় হালকা যোগ করতে হবে। এমন ব্যায়াম করবেন যাতে ঘাম হয় কম। সেক্ষেত্রে খুব সহজ স্ট্রেচিং এক্সারসাইজগুলি করতে পারেন। এই ধরনের যোগব্যায়াম শরীরের জন্য উপকারী। এছাড়া এই সময় হালকা প্রাণায়াম যেমন অনুলোম-বিলোম, ভ্রামরী ইত্যাদি করতে পারেন। এগুলিও দেহ ও মনকে আরাম দেবে। আর সবশেষে অন্তত বেশ কিছুটা সময় নিয়ে শবাসন করুন। তাহলেই শরীর সুস্থ থাকবে। মন থাকবে চাঙ্গা।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।