
প্রতিবছর ভারতে প্রচুর মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হন। এমনকী প্রাণও হারান অনেকে। আর সেই মৃত ও আক্রান্তের তালিকায় উপরের দিকে থাকে বাংলা। যদিও ভাল খবর হল, ইতিমধ্যেই ভারত সরকার ডেঙ্গির একটি টিকাকে ছাড়পত্র দিয়েছে। এই টিকার নাম এই টিকার নাম QDENGA। এটি বানিয়েছে Takeda Biopharmaceuticals India Pvt. Ltd। ভারত সরকার এই টিকাকে New Drugs and Clinical Trials (NDCT) Rules, 2019-এর CT-20 বিধির আওতায় অনুমোদন দিয়েছে।
এখন প্রশ্ন হল, এই টিকা কি আদৌ সেফ? এটা ঠিক কতটা কার্যকরী? এই টিকা একবার নিলেই সারাজীবন মিলবে সুরক্ষা? ডেঙ্গি হলেও কি এই টিকা নিতে হবে? আর সেই সব প্রশ্নের উত্তরই দিলেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: রুদ্রজিৎ পাল।
এই টিকা সব ভ্যারিয়েন্টের উপর কাজ করবে...
ডা: পাল বলেন, 'ভারত তথা বাংলার একটি জলজ্যান্ত সমস্যা ডেঙ্গি। প্রতিবছর প্রচুর মানুষ মশাবাহিত এই রোগের ফাঁদে পড়ে প্রাণ হারান। তাই এর টিকা সামনে আসাটা সত্যিই ভাল খবর।'
পাশাপাশি তিনি জানালেন, ভারতে মোট ৪টি ডেঙ্গি ভ্যারিয়েন্ট রয়েছে। সেগুলি হল ডেঙ্গি ১, ডেঙ্গি ২, ডেঙ্গি ৩ ও ডেঙ্গি ৪। আর এই চারটি ভ্যারিয়েন্টের বিরুদ্ধেই নয়া এই টিকা কাজ করে।
এই টিকা কী সেফ?
এই প্রশ্নের উত্তরে ডা: পাল বলেন, 'ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকাকে ছাড়পত্র দিয়েছে। তারা নিশ্চয়ই সব দিক ভেবে চিন্তেই ব্যবহার করার পরামর্শ দিয়েছে। আর ভারত সরকারও এমনি এমনি ছাড়পত্র দেয়নি। তার আগে দেশে বড় আকারের ফেজ ৩ ট্রায়াল হয়েছে। এই ট্রায়ালের মাধ্যমে কোনও গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কি না, সেটা দেখা হয়েছে। তারপরই বাজারে আসতে চলেছে ডেঙ্গি টিকা। তাই এই টিকা যে সেফ, সেটা নিয়ে কোনও প্রশ্ন আপাতত নেই।'
কতটা কার্যকর এই টিকা?
ডা: পাল জানালেন, এখনও বিষয়টা নিয়ে নির্দিষ্ট কোনও তথ্য় সামনে আসেনি। তবে বলা হচ্ছে, দু'টি ডোজ নেওয়া থাকলে ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়।
তবে তিনি আবার মনে করিয়ে দিলেন যে, এই টিকা নেওয়ার পরও ডেঙ্গি হতে পারে। সেক্ষেত্রে রোগটা হলেও বাড়াবাড়ি দিকে যাওয়ার সম্ভাবনা কমে যাবে বলে মনে করেন তিনি।
একবার নিলে কি সারাজীবন সুরক্ষা?
ডা: পাল বলেন, 'এই টিকার প্রথমে দুটি ডোজ নিতে হবে। তাতে কয়েক বছর ইমিউনিটি মিলবে। এরপর নির্দিষ্ট কয়েকটা বছর বাদে আবার বুস্টার ডোজ নিতে হতে পারে। কিন্তু সেই সম্পর্কে এখনও কোনও নির্দেশিকা সামনে আসেনি।'
কারা নিতে পারেন?
ডা: পাল জানালেন, এই টিকা ৪ থেকে ৬০ বছর বয়সী যে কোনও মানুষ নিতে পারেন। এমনকী আগে ডেঙ্গি হলেও এই টিকা নেওয়া যেতে পারে। তাই চিন্তার কিছু নেই।
বিদ্র: এটা একটি সাধারণ প্রতিবেদন। কোনও ওষুধ খাওয়ার আগে বা কোনও চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন।