
ক্যান্সার টিকার ক্ষেত্রে বিরাট মাইলস্টোন। মডার্না এবং মার্কের তৈরি পার্সোনালাইজড এমআরএনএ ক্যান্সার ভ্যাকসিন মেলানোমার (এক ধরনের ত্বকের ক্যান্সার) চিকিৎসায় আশার আলো দেখিয়েছে। মার্কের বহুল ব্যবহৃত ক্যানসারের ওষুধ কেট্রুডা-র সঙ্গে এই টিকা ব্যবহার করে লেট স্টেজ হাই রিস্ক মেলানোমায় ভাল ফল মিলেছে বলে সংস্থা দুটির পক্ষে জানান হয়েছে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অস্ত্রোপচারের পর যাতে ক্যান্সার ফিরে না আসে বা শরীরের অন্য অংশে ছড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যপূরণ করতে পারে এই নয়া চিকিৎসা।
বিষয়টা নিয়ে ইতিমধ্যেই নিজেদের বক্তব্য জানিয়েছে দুই ওষুধ প্রস্তুতকারী সংস্থাই। ট্রায়ালে এই চিকিৎসা ক্যান্সার ফিরে আসার ঝুঁকি কমাতে সফল হয়েছে। পাশাপাশি, শরীরের অন্য অংশে ক্যান্সার ছড়িয়ে পড়ার ঝুঁকিও কমেছে। যদিও এর বিস্তারিত তথ্য আগামী কোনও মেডিক্যাল সম্মেলনে প্রকাশ করা হবে।
এই ফলকে এমআরএনএ ক্যান্সার ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। (ছবি: পিক্সেলস)
এমআরএনএ পার্সোনালাইজড ক্যান্সার টিকা কী?
সাধারণ ভ্যাকসিন সংক্রমণ ঠেকানোর জন্য তৈরি হয়। তবে এই ক্যান্সার টিকাটি তেমন নয়। এটি প্রতিটি রোগীর জন্য আলাদা করে তৈরি করা হয়।
এক্ষেত্রে প্রথমে অস্ত্রোপচারের মাধ্যমে রোগীর টিউমার বাদ দেওয়া হয়। এরপর টিউমারে কী ধরনের জিনগত পরিবর্তন বা মিউটেশন হয়েছে, সেটা পরীক্ষা করা হয়। এর মাধ্যমে এমন কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা হয়, যেগুলিকে টার্গেট করে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক্যান্সার কোষ শনাক্ত করতে শেখানো যায়।
আর মডার্নার এই টিকা এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এই বিশেষ মিউটেশন সম্পর্কে তথ্য দেয়। তারপর সেগুলিকে আক্রমণ শুরু করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা।
সহজভাবে বললে, ভ্যাকসিনটি শরীরের ইমিউন সিস্টেমকে শিখিয়ে দেয় ক্যান্সার কোষগুলিকে ঠিক কীভাবে আক্রমণ করতে হবে।
এই টিকার লক্ষ্য হল অপারেশনের পর যেন শরীরে থেকে যাওয়া ক্যান্সার কোষ বড় হতে না পারে। এটি যাতে শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়তে না পারে।
কিট্রুডার সঙ্গে সঙ্গে টিকা নেওয়ার ফল কেমন?
থার্ড ফেজ ট্রায়ালে ১,১৩৭ জন হাই রিস্ক মেলানোমা রোগী অংশ নিয়েছিলেন। তাঁদের ক্যান্সার অস্ত্রোপচারের মাধ্যমে বাদ দেওয়া হয়েছিল। রোগীদের মধ্যে স্টেজ IIB থেকে IV পর্যন্ত মেলানোমা ছিল।
অংশগ্রহণকারীদের দু’টি দলে ভাগ করা হয়। একটি দলকে প্রায় এক বছর কিট্রুডা এবং ব্যক্তিগত এমআরএনএ ভ্যাকসিন দেওয়া হয়। অন্য দলকে শুধু কিট্রুডা দেওয়া হয়।
কোম্পানির দাবি অনুযায়ী, ভ্যাকসিন ও কিট্রুডা ব্যবহারের ফলে এই সব লাভ মিলেছে-
ক্যান্সার ফিরে আসার ঝুঁকি কমেছে
শরীরের অন্য অংশে ক্যান্সার ছড়িয়ে পড়ার ঝুঁকি কমেছে।
পরীক্ষায় নতুন কোনও নিরাপত্তাজনিত সমস্যা দেখা যায়নি।
কিট্রুডা ইতিমধ্যেই মেলানোমার একটি চিকিৎসা হিসেবে প্রচলিত। তাই এর সঙ্গে পার্সোনালাইডজ ক্যান্সার টিকা নিলে আরও ভাল ফল পাওয়া যেতে পারে।
এখনও কী কী জানা বাকি?
তবে এই সমীক্ষার পুরো তথ্য এখনও সামনে আসেনি। জানা যায়নি, এই চিকিৎসা রোগীদের আরও বেশি দিন বাঁচতে সাহায্য করছে কি না। এই টিকা নেওয়ার পর রোগীর মৃত্যুর আশঙ্কা ঠিক কতটা কমছে।
মোলানোমা রোগীর জন্য আশার আলো?
মেলানোমা হল ত্বকের ক্যান্সারের সবচেয়ে গুরুতর একটি ধরন। শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়লে এই ক্যান্সারের চিকিৎসা আরও কঠিন হয়ে যায়।
হাই রিস্ক মেলানোমা রোগীদের ক্ষেত্রে অস্ত্রোপচারের পর ক্যান্সার ফিরেও আসে। আর ক্যান্সারের সেই ফিরে আসাই বন্ধ করতে চাইছে এই টিকা।