Advertisement

Diabetes Awareness: রোগা মানেই সুস্থ? ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে ডায়াবিটিস, কীভাবে বুঝবেন?

বাইরে থেকে রোগা বা স্বাভাবিক ওজনের দেখালেও টাইপ-২ ডায়াবিটিসের ঝুঁকি থাকতে পারে। বিশেষ করে ভারতীয়দের ক্ষেত্রে এই আশঙ্কা বেশি।

রোগা শরীরেও Diabetes হতে পারে।রোগা শরীরেও Diabetes হতে পারে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Nov 2026,
  • अपडेटेड 2:44 PM IST
  • বাইরে থেকে রোগা বা স্বাভাবিক ওজনের দেখালেও টাইপ-২ ডায়াবিটিসের ঝুঁকি থাকতে পারে।
  • ভারতীয়দের ক্ষেত্রে এই আশঙ্কা বেশি।

ডায়াবিটিসের সঙ্গে অতিরিক্ত ওজনের সম্পর্কের কথা অনেকেই জানেন। ধারণা, শরীরে মেদ বেশি থাকলেই এই রোগের ঝুঁকি বাড়ে। কিন্তু চিকিৎসকেরা বলছেন, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। বাইরে থেকে রোগা বা স্বাভাবিক ওজনের দেখালেও টাইপ-২ ডায়াবিটিসের ঝুঁকি থাকতে পারে। বিশেষ করে ভারতীয়দের ক্ষেত্রে এই আশঙ্কা বেশি।

এর কারণ শুধু শরীরের মোট ওজন নয়, কোথায় মেদ জমছে সেটিও গুরুত্বপূর্ণ। অনেকের পেটের ভিতরে, যকৃৎ ও অগ্ন্যাশয়ের চারপাশে চর্বি জমে। বাইরে থেকে তা বোঝা যায় না। এই ভিসেরাল ফ্যাট শরীরের ইনসুলিনের কাজে বাধা দিতে পারে। ফলে রক্তে শর্করা নিয়ন্ত্রণের সমস্যা তৈরি হয়।

ওজন নয়, কোমরের মাপ বেশি গুরুত্বপূর্ণ
ম্যাক্স হেল্‌থকেয়ারের চিকিৎসক অম্বরীশ মিত্তল জানিয়েছেন, শুধু বিএমআই দিয়ে শরীরের বিপাকীয় স্বাস্থ্য বোঝা যায় না। বিএমআই উচ্চতার তুলনায় ওজনের হিসাব দেয়। কিন্তু শরীরের কোথায় মেদ জমেছে, তা জানায় না। চিকিৎসকদের মতে, ভারতীয় মহিলাদের কোমরের মাপ ৮০ সেন্টিমিটার বা তার বেশি এবং পুরুষদের ক্ষেত্রে ৯০ সেন্টিমিটার বা তার বেশি হলে পেটের মেদ নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন।

পশ্চিমি দেশের মানুষের তুলনায় দক্ষিণ এশীয়দের শরীরে তুলনামূলক কম ওজনেও বেশি মেদ জমতে পারে। পেশির পরিমাণ কম থাকাও বিপাকীয় ঝুঁকি বাড়ায়। জিনগত বৈশিষ্ট্য, শৈশবের পুষ্টি এবং পরবর্তী সময়ে অতিরিক্ত পরিশোধিত শর্করা-সমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস এর পিছনে ভূমিকা রাখতে পারে। তবে এর নির্দিষ্ট কারণ এখনও পুরোপুরি স্পষ্ট নয়।

রোগা ব্যক্তিদেরও ডায়াবিটিস হতে পারে
সব রোগা ব্যক্তির ডায়াবিটিসের কারণ এক নয়। কারও ক্ষেত্রে ইনসুলিন ঠিকমতো কাজ করে না। আবার কারও অগ্ন্যাশয় পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না। প্রাপ্তবয়স্কদের মধ্যে অটোইমিউন ডায়াবিটিসের বিশেষ ধরন LADA-ও দেখা যেতে পারে। তাই রোগের কারণ জানতে চিকিৎসকের পরামর্শ জরুরি।

কখন সতর্ক হবেন?
পরিবারে ডায়াবিটিসের ইতিহাস, বাড়তে থাকা কোমরের মাপ, ফ্যাটি লিভার, উচ্চ ট্রাইগ্লিসারাইড, কম এইচডিএল কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপ ঝুঁকির ইঙ্গিত হতে পারে। অতিরিক্ত ক্লান্তি, বেশি তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব, চোখে ঝাপসা দেখা বা ক্ষত শুকোতে দেরি হলেও সতর্ক হওয়া দরকার।

Advertisement

ফর্টিসের চিকিৎসক অনুপ মিশ্রের পরামর্শ, প্রয়োজনে ফাস্টিং ব্লাড সুগার ও এইচবিএ১সি পরীক্ষা করানো উচিত। সন্দেহ থাকলে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্টও করা যায়। শরীরের চেহারা দেখে নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই। নিয়মিত পরীক্ষা, হাঁটাচলা, সুষম খাবার এবং পর্যাপ্ত পেশিশক্তি বজায় রাখাই একমাত্র উপায়।

Read more!
Advertisement
Advertisement