
walking or running: ওজন কমাতে চাইছেন। কিন্তু দৌড়াবেন, না কি হাঁটবেন? এই প্রশ্ন অনেকেরই। বিশেষ করে পেটের মেদ কমানোর জন্য অনেকে মনে করেন, হাঁটলে তেমন লাভ হবে না। আবার কেউ কেউ দৌড়াতে গিয়ে কয়েক দিনের মধ্যেই হাঁপিয়ে ওঠেন। ফলে ব্যায়াম বন্ধ হয়ে যায়।
আসলে ফ্যাট কমানোর ক্ষেত্রে শুধু হাঁটা বা দৌড়ানোর নামই শেষ কথা নয়। কতক্ষণ ব্যায়াম করছেন, কতটা জোরে করছেন এবং খাবার থেকে কত ক্যালরি নিচ্ছেন; সবকিছুর উপর ফল নির্ভর করে। শরীরের প্রয়োজনের তুলনায় কম ক্যালরি খরচ হলে ওজন কমে। নিয়মিত শরীরচর্চা সেই ক্যালরি ঘাটতি তৈরি করতে সাহায্য করে। (CDC)
ফ্যাট কমাতে দৌড়ানো কি বেশি ভাল?
সাধারণ ভাবে বললে, একই সময় ধরে করলে দৌড়ানো দ্রুত বেশি ক্যালরি খরচ করতে পারে। যেমন, ৭০ কেজি ওজনের একজন মানুষের ক্ষেত্রে ঘণ্টায় প্রায় ৫ মাইল গতিতে দৌড়ালে ৩০ মিনিটে আনুমানিক ২৯৫ ক্যালরি খরচ হতে পারে। একই ব্যক্তির ঘণ্টায় ৩.৫ মাইল গতিতে হাঁটলে ৩০ মিনিটে প্রায় ১৪০ ক্যালরি খরচ হতে পারে। তবে এগুলি গড় হিসাব। বয়স, ওজন, গতি এবং শরীরের ক্ষমতা অনুযায়ী ক্যালরি খরচ বদলে যায়। (CDC)
অর্থাৎ কম সময়ে বেশি ক্যালরি খরচ করতে চাইলে দৌড়ানো কার্যকর হতে পারে।
তা হলে হাঁটা কি ফ্যাট কমায় না?
হাঁটার সবচেয়ে বড় সুবিধা হল, এটি তুলনামূলক সহজ। অনেকের ক্ষেত্রেই দীর্ঘ সময় ধরে হাঁটা সম্ভব। ফলে নিয়মিত করার সম্ভাবনাও বেশি।
যে ব্যক্তি ৩০ মিনিট দৌড়াতে পারেন না, তিনি ৪৫ মিনিট বা ১ ঘণ্টা দ্রুত হাঁটতে পারেন। তখন মোট ক্যালরি খরচও ভাল হতে পারে।
ফ্যাট কমানোর আসল রহস্য কী?
ফ্যাট কমানোর জন্য শুধু ব্যায়াম করলেই হবে না। খাবারের দিকেও নজর দিতে হবে। শরীর যত ক্যালরি খরচ করছে, তার চেয়ে বেশি ক্যালরি নিয়মিত খেলে শুধু হাঁটা বা দৌড়ে ওজন কমানো কঠিন হতে পারে। CDC-র মতে, শারীরিক পরিশ্রমের সঙ্গে খাবারের ক্যালরি নিয়ন্ত্রণ করাই ওজন কমানোর গুরুত্বপূর্ণ অংশ।
দিনে কতটা হাঁটা বা দৌড়ানো দরকার?
প্রাপ্তবয়স্করা জন্য সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার শরীরচর্চা করুন।
নতুন হলে হাঁটা দিয়েই শুরু করুন
অনেক দিন শরীরচর্চা না করে থাকলে হঠাৎ দৌড় শুরু করা ঠিক নয়। প্রথমে ২০-৩০ মিনিট দ্রুত হাঁটা দিয়ে শুরু করতে পারেন। শরীর অভ্যস্ত হলে সময় বাড়ানো যায়।
তার পর চাইলে হাঁটার মধ্যে অল্প সময় দৌড় যোগ করা যেতে পারে। যেমন, কয়েক মিনিট দ্রুত হাঁটা এবং তার পর এক মিনিট দৌড়। ধীরে ধীরে সময় বাড়ানো যায়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিত থাকা। এক দিন খুব বেশি দৌড়ে পরের পাঁচ দিন কিছু না করার চেয়ে প্রতিদিন নিয়ম করে হাঁটা অনেক বেটার হতে পারে।