
(লিখছেন ডা: পার্থসারথি মণ্ডল, সিনিয়র কনসালট্যান্ট, ইন্টারনাল মেডিসিন ও ডায়াবেটোলজি)
ডায়াবেটিস একটি জটিল অসুখ। এই রোগে একবার আক্রান্ত হলে সেটা সারা জীবন থাকবে বলেই মনে করা হয়। কিন্তু সত্যিই কি এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়? যদিও চিকিৎসাবিজ্ঞানের বিরাট অগ্রগতির ফলে এই প্রশ্নের উত্তর অনেকটাই পজিটিভ। টাইপ ২ ডায়াবিটিসে আক্রান্ত কিছু মানুষ নির্দিষ্ট কয়েকটি নিয়ম মেনে চললে রোগটি রেমিশন (Remission) পর্যায়ে নিয়ে যেতে পারেন। নিয়মিত জীবনযাত্রায় পরিবর্তন, ওজন নিয়ন্ত্রণ এবং কিছু ক্ষেত্রে চিকিৎসা বা মেটাবলিক সার্জারির মাধ্যমে এটি সম্ভব হতে পারে।
তবে ডায়াবেটিস পুরোপুরি সেরে যাওয়া এবং রেমিশন পর্যায়ে পৌঁছনোর মধ্যে পার্থক্য রয়েছে। বিশ্ব ডায়াবেটিস দিবসে এই বিষয়টি বোঝা অত্যন্ত জরুরি।
ডায়াবেটিস রেমিশন কী?
ডায়াবেটিস মূলত দুই ধরনের— টাইপ ১ এবং টাইপ ২। টাইপ ১ ডায়াবেটিস একটি অটোইমিউন রোগ। এই রোগে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী কোষগুলিকে ধ্বংস করে দেয়। ফলে আক্রান্ত ব্যক্তিদের সারা জীবন ইনসুলিন নিতে হয়। বর্তমানে টাইপ ১ ডায়াবেটিসের কোনও নিরাময় পদ্ধতি নেই।
অন্যদিকে, টাইপ ২ ডায়াবেটিসের ক্ষেত্রে শরীরের কোষগুলি ইনসুলিনের প্রতি সঠিকভাবে সাড়া দেয় না। একে ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয়। পাশাপাশি শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরি না হওয়ার সমস্যাও দেখা দিতে পারে। যার ফলে সুগার লেভেল বাড়ে। তবে এই ধরনের ডায়াবেটিসের ক্ষেত্রেই কিছু মানুষের রেমিশন সম্ভব।
এক্ষেত্রে ডায়াবেটিস রেমিশন হল এমন এক অবস্থা, যেখানে কোনও ওষুধ ছাড়াই সুগার থাকে নিয়ন্ত্রণে। তবে এই পর্যায়েও নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। করতে হবে টেস্ট। সেই মতোই ওষুধ নিয়ে সিদ্ধান্ত নেবেন একজন চিকিৎসক।
ডায়াবেটিস রেমিশন কীভাবে সম্ভব?
টাইপ ২ ডায়াবেটিস রেমিশন করতে চাইলে দীর্ঘমেয়াদে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। বিশেষ করে যাঁদের ওজন বেশি বা স্থূলতার সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শরীরে অতিরিক্ত ফ্যাট, বিশেষ করে লিভার ও অগ্ন্যাশয়ের আশপাশে জমে থাকা ফ্যাট, ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দিতে পারে। এর ফলে ইনসুলিন তৈরি ও তার কাজ করার ক্ষমতা ব্যাহত হয়।
এছাড়া আরও কিছু নিয়ম মেনে চলতে হবে-
স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস: প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত শাকসবজি, গোটা শস্য, ডাল, ফাইবার এবং প্রোটিন রাখুন। পাশাপাশি ময়দা বা পরিশোধিত কার্বোহাইড্রেট, চিনিযুক্ত পানীয়, প্রক্রিয়াজাত খাবার এবং অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার এড়িয়ে চলুন।
নিয়মিত শরীরচর্চা: প্রতি সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার শরীরচর্চা করা জরুরি। দ্রুত হাঁটা, সাইকেল চালানো কিংবা সাঁতারের মতো ব্যায়াম ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।
চিকিৎসকের পরামর্শ: নিয়মিত রক্তে শর্করার মাত্রা চেক করতে হবে। HbA1c করতে হবে। সেই সঙ্গে রক্তচাপ এবং কোলেস্টেরল পরীক্ষা করান।
দ্রুত রোগ নির্ণয় করলে কি সুবিধা হয়?
ডায়াবেটিসের ক্ষেত্রে দ্রুত রোগ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো রোগ ধরা পড়লে চিকিৎসা শুরু করা যায়। সেই সঙ্গে ভবিষ্যতে বিভিন্ন জটিলতার ঝুঁকি কমানো সম্ভব হয়।
অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত হলেও প্রথমদিকে তা বুঝতে পারেন না। চোখ, কিডনি, হৃদযন্ত্র এবং স্নায়ুর উপর প্রভাব পড়ার পর অনেক সময় রোগটি ধরা পড়ে।
তাই যাঁদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, যাঁদের ওজন বেশি, যাঁরা শারীরিক পরিশ্রম করেন না অথবা অন্য কোনও বিপাকীয় সমস্যায় ভুগছেন, তাঁদের নিয়মিত সুগার পরীক্ষা করানো জরুরি।
রেমিশন মানেই কি চিকিৎসা বন্ধ করে দেওয়া?
ডায়াবেটিস নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণাগুলির মধ্যে একটি হল, রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক হয়ে গেলেই রোগ পুরোপুরি সেরে গিয়েছে। এই ধারণা থেকে অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ খাওয়া বন্ধ করে দেন। এর ফলে স্বাস্থ্যের উপর বিপজ্জনক প্রভাব পড়তে পারে।
মনে রাখতে হবে, ডায়াবেটিস রেমিশন পর্যায়ে পৌঁছলেও নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি HbA1c পরীক্ষা এবং ডায়াবেটিসজনিত জটিলতা নির্ণয়ের জন্য প্রয়োজনীয় স্ক্রিনিং করাতে হবে।
চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনওভাবেই ওষুধের মাত্রা কমানো বা বন্ধ করা উচিত নয়।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।