
বাড়ির অন্দরমহল হোক বা অফিসের ডেস্ক- অন্দরসজ্জায় এখন অনেকেই 'লাকি ব্যাম্বু' বা চাইনিজ ব্যাম্বু প্ল্যান্ট রাখতে পছন্দ করেন। অনেকেই বিশ্বাস করেন, এই গাছ ঘরে গুড লাক বা ইতিবাচক শক্তি নিয়ে আসে। শখ করে গাছটি কেনার পর অনেকেই বেশ যত্ন আত্তি করেন। কিন্তু অনেক সময় দেখা যায়, এত যত্নের পরেও সাধের গাছটি ক্রমশ হলুদ হয়ে যাচ্ছে এবং গোড়া পচে যাচ্ছে। জলেও রাখা রয়েছে, তা-ও কেন এমন হয়?
আপনার অফিসের ডেস্কের গাছটিরও যদি ঠিক একই হাল হয়, তাহলে জেনে নিন নার্সারির মালি দাদার কিছু জরুরি টিপস।এগুলি মানলে গাছটি আবার আগের মতো সবুজ ও সতেজ হয়ে উঠবে। রইল ব্যাম্বু প্ল্যান্ট ভাল রাখার সেই অব্যর্থ উপায়গুলি।
জলে কাণ্ড ডুবিয়ে রাখাই সবচেয়ে বড় ভুল
মালির মতে, আমরা অনেকেই কাঁচের পাত্রটির কানায় কানায় জল ভরে রাখি। আর এটাই এই গাছ নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ। আসলে, এই ব্যাম্বু প্ল্যান্ট (যা আদতে ড্রাসিনা প্রজাতির গাছ) তার কেবল শেকড়টুকুই জলের নীচে থাকা উচিত। জলের স্তর যদি শেকড় ছাড়িয়ে কাণ্ড পর্যন্ত পৌঁছে যায়, তবে অক্সিজেনের অভাবে কাণ্ডের কোষগুলি নষ্ট হতে শুরু করে। ফলে ধীরে ধীরে গাছটি চটচটে হয়ে পচে যেতে থাকে।
কলের জল ও ব্যাকটেরিয়ার আক্রমণ
গাছ পচে যাওয়ার পিছনে জলের গুণমানও একটি বড় কারণ। সাধারণ কলের জলে ক্লোরিন এবং ফ্লোরাইডের মতো রাসায়নিক থাকে, যা এই গাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ছাড়া, সপ্তাহের পর সপ্তাহ পাত্রের জল না বদলালে তাতে নানা ধরনের ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্ম নেয়। মার্কিন গার্ডেনিং জার্নাল 'জয় আস গার্ডেন'-র মতে, পাত্রে দিনের পর দিন জমে থাকা নোংরা জলই শেকড়ে পচন ধরায় এবং ধীরে ধীরে পুরো কাণ্ডটি হলুদ করে দেয়।
পচে যাওয়া গাছকে বাঁচাবেন কীভাবে?
গার্ডেনিং ওয়েবসাইট 'ব্লুমস্কেপ'-র গাইডলাইন অনুযায়ী, ব্যাম্বু প্ল্যান্টের সঠিক বৃদ্ধির জন্য এটিকে সরাসরি কড়া রোদ থেকে দূরে, উজ্জ্বল কিন্তু পরোক্ষ আলোয় রাখা উচিত। এ ছাড়া গাছটিকে বাঁচাতে কয়েকটি সহজ নিয়ম মেনে চলা জরুরি:
জলের মাত্রা কমান: গাছের কাণ্ড যদি সামান্য হলুদ হতে শুরু করে, তবে পাত্রের জল অবিলম্বে কমিয়ে দিন। পাত্রে মাত্র ১ থেকে ২ ইঞ্চি জল রাখুন, যাতে শুধু শেকড়টুকু ডুবে থাকে, কাণ্ড কোনও ভাবেই যেন না ডোবে।
পচা অংশ কেটে ফেলুন: যদি দেখেন কাণ্ডের নীচের অংশ বেশ খানিকটা গলে বা পচে গিয়েছে, তবে একটি ধারালো কাটার বা ব্লেড দিয়ে ওই পচা অংশটি সাবধানে কেটে বাদ দিয়ে দিন। এরপর সুস্থ কাণ্ডটি পরিষ্কার জলে রাখুন।
পরিশ্রুত জল ব্যবহার করুন: প্রতি সপ্তাহে অন্তত একবার পাত্রের জল বদলানো বাধ্যতামূলক। গাছের স্বাস্থ্য ভাল রাখতে সাধারণ কলের জলের বদলে ফিল্টার করা জল বা মিনারেল ওয়াটার ব্যবহার করুন।
এই কয়েকটি ছোটখাটো বিষয় মাথায় রাখলেই আপনার সাধের ব্যাম্বু প্ল্যান্ট দিনের পর দিন সতেজ আর সবুজ থাকবে।