
শীতকাল মানেই জমিয়ে খাওয়াদাওয়া। ডিনারে গরম গরম রুটির সঙ্গে যদি ধোঁয়া ওঠা বেগুন পোড়া থাকে, তাহলে আর কথাই নেই! ঠান্ডা পড়লেই বাঙালির রান্নাঘরে বেগুন পোড়া অত্যন্ত পরিচিত একটি পদ। সামান্য কয়েকটি উপকরণ দিয়েই বাড়িতে তৈরি করে নিতে পারেন সুস্বাদু এই খাবার। বানাতেও বেশি সময় লাগে না। রইল সহজ রেসিপি।
উপকরণ
> বড় একটি বেগুন
> একটি মাঝারি পেঁয়াজ কুচি
> ২-৩টি কাঁচালঙ্কা কুচি
> ধনেপাতা কুচি
> ১ চা চামচ সর্ষের তেল
> স্বাদমতো নুন
> সামান্য হলুদ (ইচ্ছেমতো)
পদ্ধতি
প্রথমে বেগুনটি ভাল করে ধুয়ে নিন। এবার বেগুনের গায়ে কয়েকটি ছিদ্র করে নিন। চাইলে ছিদ্রের মধ্যে রসুনের কোয়া ঢুকিয়ে দিতে পারেন। এতে বেগুনের স্বাদ আরও বাড়বে। এ বার গ্যাসের আঁচে বেগুনটি বসিয়ে চারপাশ ভাল করে পুড়িয়ে নিন। মাঝে মাঝে ঘুরিয়ে দিন, যাতে বেগুনের সব দিক সমানভাবে সেদ্ধ ও পোড়া হয়। বেগুন নরম হয়ে গেলে নামিয়ে ঠান্ডা হতে দিন।
ঠান্ডা হলে পোড়া বেগুনের খোসা ছাড়িয়ে ভিতরের অংশ একটি পাত্রে নিয়ে ভাল করে চটকে নিন। এবার তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা কুচি এবং স্বাদমতো নুন মিশিয়ে দিন।
সবশেষে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে সমস্ত উপকরণ ভাল করে মেখে নিন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু বেগুন পোড়া! কীসের সঙ্গে পরিবেশন করবেন?
গরম গরম ফুলকো রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন বেগুন পোড়া। চাইলে পাশে সামান্য কাঁচা পেঁয়াজ কুচি ও কাঁচালঙ্কাও রাখতে পারেন। শীতের রাতে অল্প উপকরণে সুস্বাদু ডিনার বানাতে এই পদটির জুড়ি মেলা ভার।