
শীত পড়ার আগেই ঘূর্ণিঝড়ের দাপটে নাগাড়ে হয়ে চলেছে বৃষ্টি। আর এমন বৃষ্টি বাদলের দিনে খিচুড়ি খাওয়ার মাস্ট। সঙ্গে অবশ্যই লাগবে মুচমুচে বেগুনি। অনেক সময়েই বেগুনি কড়া করে ভাজলেও মিইয়ে যায়। কী ভাবে হবে দোকানের মতো ক্রাঞ্চি? রইল স্পেশাল রেসিপি।
বাড়িতে বেগুনি বানাতে গেলে যে সমস্যাগুলি সাধারণত হয়ে থাকে, তা হল, কখনও বেগুন নরম হয়ে যায়, আবার কখনও বেসনের প্রলেপ শক্ত হয়ে যায়। অথচ কয়েকটি সহজ কৌশল মেনে চললেই বাড়িতে বানানো সম্ভব হবে দোকানের মতো মুচমুচে বেগুনি। তার জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই।
বেগুনি বানাতে কী কী লাগবে?
> বড় একটি বেগুন
> ১ কাপ বেসন
> ২ টেবিল চামচ চালের গুঁড়ো
> ১ চিমটি বেকিং সোডা (ঐচ্ছিক)
> আধ চা চামচ হলুদ গুঁড়ো
> আধ চা চামচ লঙ্কার গুঁড়ো
> স্বাদমতো নুন
> সামান্য কালোজিরে
> প্রয়োজনমতো জল
> ভাজার জন্য সাদা তেল
প্রণালী
প্রথমে বেগুন ভাল করে ধুয়ে পাতলা করে গোল গোল টুকরো করে কেটে নিন। খুব মোটা করে কাটবেন না। পাতলা করে কাটলে বেগুনি ভাল ভাবে ভাজা হবে এবং ভিতরটাও নরম থাকবে। এ বার একটি পাত্রে বেসন, চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন ও কালোজিরে দিয়ে ভাল করে মিশিয়ে নিন। অল্প অল্প করে জল দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করুন। খেয়াল রাখবেন, ব্যাটার যেন খুব পাতলা না হয়। বেগুনের গায়ে ভাল ভাবে বেসনের প্রলেপ বসতে হবে।
এরপর বেগুনের টুকরোগুলিতে সামান্য নুন ও হলুদ মাখিয়ে কয়েক মিনিট রেখে দিন। এতে বেগুন থেকে জল বেরিয়ে যেতে পারে। তারপর কড়াইয়ে তেল গরম করুন। বেগুনের টুকরোগুলি বেসনের গোলায় ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিন। মাঝারি আঁচে উল্টেপাল্টে ভাজুন। দুই দিক সোনালি বাদামি ও মুচমুচে হয়ে গেলে তুলে নিন।
দোকানের মতো মুচমুচে বেগুনি বানানোর কয়েকটি গোপন টিপস রয়েছে। প্রথমত, শুধু বেসন দিয়ে বেগুনি বানালে অনেক সময় দোকানের মতো মুচমুচে হয় না। বেসনের সঙ্গে সামান্য চালের গুঁড়ো মিশিয়ে নিলে বাইরের প্রলেপ অনেক বেশি ক্রিস্পি হবে। দ্বিতীয়ত, ব্যাটার বেশি পাতলা করবেন না: ব্যাটার পাতলা হলে বেগুনের গায়ে ভাল ভাবে প্রলেপ বসবে না। তাই অল্প অল্প করে জল মেশাবেন। এ ছাড়াও তেলের তাপমাত্রা ঠিক রাখুন। তেল খুব ঠান্ডা থাকলে বেগুনি বেশি তেল শুষে নেবে। আবার অতিরিক্ত গরম তেলে বাইরে পুড়ে গেলেও ভিতরটা ঠিকমতো ভাজা হবে না। তাই মাঝারি আঁচে ভাজাই ভালো। সর্বোপরি ভাজার পর ঢেকে রাখবেন না। এতে ভাপ জমে বেগুনি নরম হয়ে যেতে পারে। টিস্যু পেপার বা ঝাঁঝরির উপর রাখুন।
ব্যস, তৈরি দোকানের মতো মুচমুচে গরম গরম বেগুনি! এবার ধোঁয়া ওঠা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন। জমে যাবে বৃষ্টির দুপুরের খাওয়াদাওয়া।