
সস্তায় পুষ্টিকর খাবার হল ডিম। যেটা বাজারে সহজলভ্য, বানানো সহজ এবং পুষ্টিকর ব্রেকফাস্ট হিসাবে সেদ্ধ ডিমের জুড়ি মেলা ভার। কিছু না পেলে সবার রান্নাঘরেই ডিম ঠিক থাকে। একটা সেদ্ধ ডিমে ৬ গ্রাম প্রোটিন থাকে এবং এতে ভিটামিন এ, বি১২, ডি, ই, লুটেইন এবং জিয়াজ্যান্থিনের মতো যৌগ থাকে, যা শরীরের বিভিন্ন অঙ্গকে সহায়তা করে। একাধিক স্বাস্থ্য সংক্রান্ত ওয়েবসাইটের দাবি, একজন ব্যক্তি প্রতিদিন দুটো সেদ্ধ ডিম খেলে উল্লেখযোগ্য উপকার পেতে পারেন। তাহলে জেনে নিন, দুটো করে সেদ্ধ ডিম খেলে আপনার শরীরে কী কী বদল দেখা দিতে পারে।
হজমশক্তি ও ওজন কমায়
হেলথলাইনের মতে, ডিমে উচ্চ মানের প্রোটিন থাকে, যা পেশি গঠনে এবং ওজন কমাতে সাহায্য করে। এটি মেটাবলিজমও বাড়ায়। ডিম খেলে খাবারের থার্মিক এফেক্ট বৃদ্ধি পায়, যার ফলে শরীর দ্রুত ক্যালরি পোড়ায়। সকালে দুটি ডিম খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, যা সারাদিন অতিরিক্ত খাওয়া থেকে দূরে রাখে।
মস্তিষ্কের শক্তি ও স্মৃতিশক্তির জন্য আশীর্বাদ
WebMD- এর মতে , ডিমের কুসুমে কোলিন থাকে, যা মস্তিষ্কের কোষ গঠনে এবং সঙ্কেত আদান-প্রদানে অপরিহার্য। প্রতিদিন দুটি ডিম খেলে আপনার শরীর পর্যাপ্ত পরিমাণে কোলিন পায়, যা স্মৃতিশক্তি ও মনোযোগ উন্নত করে। এটি আলঝেইমার্সের মতো রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করতে পারে।
দৃষ্টিশক্তি ও ত্বকের ওপর প্রভাব
মেডিকেল নিউজ টুডে-এর মতে , ডিমে লুটেইন এবং জিয়াজ্যান্থিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই যৌগগুলো রেটিনাকে রক্ষা করে এবং ছানি পড়ার ঝুঁকি কমায়। এছাড়াও, ডিমে থাকা সালফার এবং ভিটামিন বি১২ আপনার চুল ও নখের উজ্জ্বলতা বাড়ায়, যা আপনাকে আরও তরুণ ও প্রাণবন্ত দেখায়।