
ভূরিভোজ ছাড়া বাঙালির কাছে দুর্গাপুজো অসম্পূর্ণ। তবে সপ্তমী-অষ্টমীতে রেস্তোরাঁর বাইরে লম্বা লাইন দিতে অনেকেরই অনীহা। সেক্ষেত্রে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন সুগন্ধি মৌরি চিংড়ি। অল্প পরিশ্রমে সুস্বাদু রান্না হাত চেটে খাবে সকলেই। ভাত, কিংবা পোলাও, সবকিছুর সঙ্গেই খাওয়া যাবে এই জিভে জল আনা রেসিপি।
কী কী উপকরণ লাগবে?
৫০০ গ্রাম চাপড়া চিংড়ি, ১ টেবিলচামচ হলুদ, স্বাদমতো নুন ও চিনি, ১ চা-চামচ ঘি, ২ টেবিলচামচ মৌরি, ১ টেবিলচামচ গোলমরিচ, ১ টেবিলচামচ পেঁয়াজবাটা, ১ চা-চামচ আদা রসুন ও কাঁচালঙ্কাবাটা, ১ টেবিলচামচ টক দই, ৫-৬টি কাঁচালঙ্কা, সর্ষের তেল।
বানানোর প্রক্রিয়া
চাপড়া চিংড়িগুলির খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিন। নুন-হলুদ মাখিয়ে রাখুন আধ ঘণ্টা। এরপর সর্ষের তেলে ২ মিনিট ভেজে ফেলুন।
অন্য একটি কড়াইয়ে মৌরি এবং গোলমরিচ হাল্কা নাড়িয়ে নিন।
যে পাত্রে চিংড়ি ভেজেছিলেন, সেটিতে ঘি দিন। গরম হলে তাতে দিন পেঁয়াজ, আদা-রসুন ও কাঁচালঙ্কাবাটা, হলুদ ও নুন। ভাল করে কষিয়ে নিন। এরপর দিন মৌরি এবং গোলমরিচের গুঁড়ো। আঁচ কমিয়ে কষাতে থাকুন। দেখবেন আসতে আসতে তেল ছাড়ছে।
এরপর দিন ফেটানো টক দই। মিনিট দু'য়েক কষিয়ে সামান্য গরম জল দিন। ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সেদ্ধ করুন। নামানোর আগে মৌরি ও গোলমরিচের ভেজে রাখা মশলাগুঁড়ো ছড়িয়ে দিন। এতেই জমে যাবে সুগন্ধি মৌরি চিংড়ি।