
ঘুরতে যেতে কার না ভাল লাগে বলুন তো? কিন্তু কাজের ব্যস্ততা আর সময়ের অভাবে অনেকেই দূরে যেতে পারেন না। তবে হাতে যদি ২-৩ দিনের সময় থাকে, তাহলে ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এই জায়গায় আপনি আগে কোনওদিন যাননি। তাহলে এবারে ভ্রমণের তালিকায় রাখতে পারেন কুসুমতলা। কলকাতার খুব কাছেই রয়েছে কুসুমতলা সমুদ্র সৈকত (Kusumtala Sea Beach)। যারা সি-বিচ পছন্দ করেন আর একটু নিরিবিলি জায়গায় যেতে চান, তাঁদের জন্য এই কুসুমতলা সমুদ্র সৈকত পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে। যারা সমুদ্র পছন্দ করেন, সেই একই দিঘা, মন্দারমণি ঘুরে বিরক্ত হয়ে থাকেন, তাহলে নতুন এই কুসুমতলা সমুদ্র সৈকতটিকে আপনার খুবই পছন্দ হবে। কোথায় আছে এই কুসুমতলা? কীভাবেই বা সেখানে পৌঁছাবেন? জানুন এখনই।
কতটা দূর কলকাতা থেকে?
কলকাতা থেকে মাত্র ৪ ঘন্টা দূরেই রয়েছে এই কুসুমতলা সমুদ্র সৈকত। জায়গাটি একদম নতুন হওয়ায় এখানে এখনও পর্যন্ত পর্যটকদের ভিড় তেমন নেই। জায়গাটি খুবই নির্জন, একটু নিজের মতো সময় কাটানোর জন্য একদম আদৰ্শ। আবার সমুদ্রও আছে, যেখানে অনায়াসেই স্নান করতে পারবেন, তারপর দুপুর ভরপেট মাছ-ভাত খেয়ে ঘুম দিতে পারেন। পরিবার হোক কিংবা কাপল, সবাই এখানে ঘুরে আসতে পারেন।
কোথায় থাকবেন?
এখানে থাকার জন্য রয়েছে অসংখ্য রিসোর্ট। একদম সমুদ্র সৈকতের ধারেই রয়েছে রিসোর্টগুলি। ফলে বেশি হাঁটাহাঁটিরও দরকার নেই। রিসোর্টগুলিতে রয়েছে বারবিকিউয়েরও ব্যবস্থা। ফলে এখানে এলে থাকা খাওয়া নিয়ে বিশেষ চিন্তা করতে হবে না আপনাকে। সবথেকে বড় কথা, খুব কম খরচে আপনি এই জায়গায় পৌঁছে যেতে পারবেন এবং থাকতে পারবেন। কাড়ি কাড়ি টাকা খরচ করতে হবে না।
কীভাবে যাবেন?
শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আগে আপনাকে নামখানা পৌঁছাতে হবে। এরপর সেখান থেকে শেয়ার টোটো করে পৌঁছে যান হুজ্জুতে ঘাট। সেখান থেকে নৌকা করে পৌঁছে যেতে পারবেন আপনার ডেস্টিনেশন নিউ কুসুমতলা আইল্যান্ড। হুজ্জুতে ঘাট থেকে নৌকায় নদী পেরিয়ে সহজেই পৌঁছে যাওয়া যায় মূল গন্তব্য নিউ কুসুমতলা আইল্যান্ডে। অর্থাৎ, মাত্র ১০০ টাকার আশেপাশেই আপনি কলকাতা থেকে সরাসরি পৌঁছে যেতে পারবেন এই নির্জন সৈকতে।
কেন যাবেন?
কুসুমতলা জায়গাটি এখনও সাধারণ পর্যটকদের কাছে খুব বেশি পরিচিত হয়ে ওঠেনি। ফলে দিঘা বা তাজপুরের মতো উপচে পড়া ভিড় এখানে একেবারেই চোখে পড়ে না। চারপাশে সবুজ প্রাকৃতিক পরিবেশ, দিগন্তবিস্তৃত সমুদ্র আর সারি সারি মাছ ধরার নৌকোর দৃশ্য আপনার মন ভালো করে দিতে বাধ্য। নির্জন পরিবেশে সমুদ্রের ধারে বসে ঢেউয়ের গর্জন শোনা, সমুদ্রে স্নান করা এবং সূর্যাস্তের অপূর্ব রূপ উপভোগ করার জন্য এটি এক আদর্শ জায়গা। ঘনিষ্ঠ মুহূর্ত বা পরিবার-পরিজনের সঙ্গে নিভৃতে সময় কাটানোর জন্য এর চেয়ে ভালো বিকল্প খুব কমই রয়েছে।