Advertisement

Dhaba Style Mutton Curry Recipe: বাড়িতে বানান ধাবা স্টাইল মাটন কারি, সহজ এই রেসিপি ভাতের সঙ্গে জমে যাবে

সাধারণত ধাবায় মাটন কারি একটু বেশি মশলাদার, তেল-মশলা সমৃদ্ধ এবং ঘন ঝোলের হয়। তবে খুব বেশি উপকরণ ছাড়াই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু পদ। রইল ধাবা স্টাইল মাটন কারির সহজ রেসিপি।

ধাবা স্টাইল মাটন রেসিপি ধাবা স্টাইল মাটন রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Oct 2026,
  • अपडेटेड 3:42 PM IST
  • ধাবায় মাটন কারি একটু বেশি রিচ হয়
  • বেশি উপকরণ ছাড়াই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু পদ
  • রইল ধাবা স্টাইল মাটন কারির সহজ রেসিপি

উৎসবের মরশুম মানেই জমিয়ে খাওয়াদাওয়া করা। আর মেনুতে যদি থাকে ধাবা স্টাইল মাটন কারি, তা হলে তো কথাই নেই। গাঢ় মশলাদার ঝোল, নরম তুলতুলে মাটনের টুকরো আর উপর থেকে ভেসে আসা ঘি ও গরম মশলার গন্ধ, সব মিলিয়ে একেবারে জমে যাবে দুপুরের খাওয়াদাওয়া। সাধারণত ধাবায় মাটন কারি একটু বেশি মশলাদার, তেল-মশলা সমৃদ্ধ এবং ঘন ঝোলের হয়। তবে খুব বেশি উপকরণ ছাড়াই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু পদ। রইল ধাবা স্টাইল মাটন কারির সহজ রেসিপি। 

মাটন কারি বানাতে কী কী লাগবে?
-মাটন: ৫০০ গ্রাম
-পেঁয়াজ: ৩টি বড় (কুচি করা)
-টমেটো: ২টি মাঝারি
-আদা-রসুন বাটা: ২ টেবিল চামচ
-টক দই: ৩ টেবিল চামচ
-কাঁচালঙ্কা: ২-৩টি
-হলুদ গুঁড়ো: আধ চা চামচ
-লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ
-ধনে গুঁড়ো: ১ চা চামচ
-জিরে গুঁড়ো: ১ চা চামচ
-গরম মশলা: আধ চা চামচ
-গোটা জিরে: আধ চা চামচ
-তেজপাতা: ২টি
-দারচিনি, এলাচ, লবঙ্গ: পরিমাণমতো
-সর্ষের তেল: প্রয়োজনমতো
-ঘি: ১ টেবিল চামচ
-নুন: স্বাদমতো
-ধনেপাতা: সামান্য

কী ভাবে বানাবেন ধাবা স্টাইল মাটন কারি?
প্রথমে মাটন ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটি পাত্রে মাটন, টক দই, অর্ধেক আদা-রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সামান্য নুন দিয়ে ভাল করে মাখিয়ে নিন। অন্তত ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন।

এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করুন। তেলের কাঁচা গন্ধ চলে গেলে তেজপাতা, গোটা জিরে, দারচিনি, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে ভাজুন। পেঁয়াজ সোনালি-বাদামি হয়ে এলে বাকি আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিন।

এবার কড়াইয়ে ম্যারিনেট করা মাটন দিয়ে দিন। মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ ভাল করে কষাতে হবে। মাটন থেকে জল বেরোবে। সেই জলেই মশলার সঙ্গে মাংস ভাল করে মিশিয়ে নিন। এরপর টমেটো কুচি ও কাঁচালঙ্কা দিয়ে আবার কষান। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে বুঝবেন কষানো হয়ে এসেছে।

Advertisement

মাটন ভাল করে কষানো হয়ে গেলে প্রেসার কুকারে দিয়ে দিন। প্রয়োজনমতো গরম জল মিশিয়ে ঢাকনা বন্ধ করুন। মাঝারি আঁচে মাটন নরম হওয়া পর্যন্ত রান্না করুন। সাধারণত মাটনের ধরন অনুযায়ী ৫-৭টি সিটি লাগতে পারে। তবে সময় ও সিটির সংখ্যা মাংসের বয়স এবং কুকারের উপর নির্ভর করবে। প্রেসার সম্পূর্ণ বেরিয়ে গেলে ঢাকনা খুলে মাংসের সেদ্ধ হওয়ার অবস্থা দেখে নিন।

এবার সেদ্ধ মাটন আবার কড়াইয়ে ঢেলে দিন। ঝোল বেশি পাতলা হলে কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে নিন। উপর থেকে গরম মশলা, এক চামচ ঘি এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। আরও ৩-৪ মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিন।

ধাবা স্টাইল স্বাদ পেতে কয়েকটি টিপস
> পেঁয়াজ ভাল করে বাদামি করে ভাজবেন। এতে ঝোলের রং ও স্বাদ দুটোই ভাল হবে।

> মাটন সরাসরি সেদ্ধ না করে আগে মশলার সঙ্গে ভাল করে কষিয়ে নেবেন।

> রান্নায় গরম জলের ব্যবহার করুন। ঠান্ডা জল দিলে রান্নার প্রক্রিয়া ব্যাহত হতে পারে।

> একেবারে শেষে সামান্য ঘি ও গরম মশলা দিলে ধাবার মতো গন্ধ পাওয়া যাবে।

> ঝোল খুব বেশি পাতলা রাখবেন না। ধাবা স্টাইল মাটন কারির আসল বৈশিষ্ট্যই হল ঘন, মশলাদার ঝোল।

গরম গরম মাটন কারি পরিবেশন করুন রুটি, তন্দুরি রুটি, নান কিংবা বাসমতি ভাতের সঙ্গে। উৎসবের দুপুরে পরিবারের সঙ্গে জমিয়ে খাওয়াদাওয়ার জন্য এই পদ একেবারে আদর্শ। 

 

Read more!
Advertisement
Advertisement