
বাঙালির চাইনিজ খাবারের প্রতি প্রেমটা একটু অন্য ধরনের। রেস্তোরাঁর মেনুতে যতই আহামরি আইটেম থাকুক না কেন, বাঙালি সেই চাউমিন ও চিলি চিকেন অর্ডারই করবে। এই চিলি চিকেন এখন বাড়ির অন্যতম সদস্য হয়ে গিয়েছে। শুধু চাউমিন বা ফ্রায়েড রাইসের সঙ্গে নয়, রুটি-পরোটার সঙ্গে দারুণ লাগে এই চিলি চিকেন। বাড়িতে অনেকেই উইকেন্ডে চিলি চিকেন তৈরি করে থাকেন। আসুন জেনে নিন কলকাতা স্টাইল চিলি চিকেন করবেন কী করে।
উপকরণ
হাড় সমেত চিকেন, আদা-রসুন বাটা, স্বাদমতো নুন, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এক চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ ময়দা, ডিম, সাদা তেল, মৌরি, এলাচ, দারুচিনি, লবঙ্গ, স্টার অ্যানিস, পেঁয়াজ পাতা, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ, শুকনো লঙ্কা, ক্যাপসিকাম, কাঁচালঙ্কা কুচি, টমেটো সস, চিলি সস আর সোয়া সস।
প্রণালী
এই চিলি চিকেন বানানোর জন্য হাড় সমেত চিকিনের টুকরো নিন। এবার এই চিকেনের টুকরো গুলো ভাল করে ধুয়ে নিয়ে ওর মধ্যে আদা, রসুন বাটা, স্বাদমতো নুন, গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এক চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ ময়দা আর একটা ডিম দিয়ে ভাল করে ম্যারিনেট করে রাখতে হবে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে একে একে চিকেনের টুকরো গুলো ভেজে নিন। একটা একটা করে উল্টে-পাল্টে নেবেন। রেস্তোরাঁতে একটা স্পেশ্যাল মশলা ব্যবহার করা হয়। একটা শুকনো কড়াইতে মৌরি, এলাচ, দারুচিনি, লবঙ্গ, স্টার অ্যানিস নেড়েচেড়ে তা মিক্সিতে খুব ভাল করে গুঁড়ো করে নিতে হবে। এবার চিকেন ভাজার তেলে প্রথমে পেঁয়াজ পাতার সাদা অংশ কুচিয়ে দিতে হবে। একে একে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে নেড়েচেডে নিতে হবে। এবার ওর মধ্যে চিকেনের টুকরে মিশিয়ে নিতে হবে। টমেটো সস, চিলি সস আর সোয়া সস মিশিয়ে পেস্ট বানিয়ে রাখুন। এবার এই সসের মিশ্রণ চিকেনের মধ্যে ঢেলে দিন। সসের বাটিতে সামান্য জল মিশিয়ে তা আবার চিকেনের মধ্যে দিয়ে দিন। এবার ওই সিক্রেট মশলা এক চামচ আর সামান্য চিনি মিশিয়ে দিন। বেশ কয়েকটা কাঁচালঙ্কা কুচি করে দিন। আর ঝাল খেতে চাইলে সামান্য একটু লঙ্কাগুঁড়ো মিশিয়ে নিতে পারেন। ব্যাস তৈরি দোকানের স্বাদে চিলি চিকেন।