Advertisement

Herbal or Natural Henna: হার্বাল নাকি ন্যাচারাল মেহেন্দি? চুল রাঙানোর আগে পার্থক্য জেনে নেওয়া জরুরি

Best Henna For Hair: 'ন্যাচারাল মেহেন্দি' বলতে সাধারণত খাঁটি মেহেন্দি পাতার গুঁড়োকেই বোঝায়, যার রং হালকা কমলা থেকে লালচে-বাদামি হয়।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 May 2026,
  • अपडेटेड 5:29 PM IST

আজকাল রাসায়নিক হেয়ার ডাইয়ের বদলে অনেকেই চুলে মেহেন্দি ব্যবহার করতে বেশি পছন্দ করেন। বাজার চলতি নানা ব্র্যান্ড 'ন্যাচারাল' এবং 'হার্বাল'  মেহেন্দির নামে বিভিন্ন পণ্য বিক্রি করছে। কিন্তু নাম যাই হোক, এই দু'টোর মধ্যে বিস্তর ফারাক রয়েছে। প্যাকেটের গায়ে 'হার্বাল' বা 'ন্যাচারাল' লেখা থাকলেই যে দু'টো জিনিস এক, এমনটা একেবারেই নয়।

'ন্যাচারাল মেহেন্দি' বলতে সাধারণত খাঁটি মেহেন্দি পাতার গুঁড়োকেই বোঝায়, যার রং হালকা কমলা থেকে লালচে-বাদামি হয়। অন্যদিকে, 'হার্বাল মেহেন্দি'তে রঙের জৌলুস, কন্ডিশনিং এবং ঘনত্ব বাড়ানোর জন্য অন্যান্য উদ্ভিদের নির্যাস মেশানো থাকে। চুল রং করার আগে এই দুইয়ের আসল পার্থক্য এবং আপনার চুলের জন্য কোনটা বেশি মানানসই, তা জেনে নেওয়া অত্যন্ত জরুরি। 

ন্যাচারাল বা প্রাকৃতিক মেহেন্দি কী?

স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট 'হেলথলাইন'-এর মতে, ন্যাচারাল মেহেন্দি তৈরি হয় শুধুমাত্র মেহেন্দি পাতা শুকিয়ে গুঁড়ো করে। এতে কোনও রকম কৃত্রিম রং বা রাসায়নিক মেশানো থাকে না। এটা চুলে হালকা লালচে-বাদামি আভা আনে এবং প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। খাঁটি মেহেন্দিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই-এর মতো উপাদান থাকে, যা চুলের স্বাস্থ্য ভাল রাখতে অত্যন্ত কার্যকর।

হার্বাল মেহেন্দি কী?

খাঁটি মেহেন্দির সঙ্গে আমলকী, শিকাকাই, ব্রাহ্মী এবং ভৃঙ্গরাজের মতো ভেষজ উপাদান মিশিয়ে তৈরি হয় হার্বাল মেহেন্দি। তবে এখানেই লুকিয়ে রয়েছে আসল বিপত্তি! চুলে গাঢ় রং আনার জন্য অনেক কোম্পানিই এতে সিন্থেটিক ডাই বা পিপিডি (PPD)-র মতো ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে দেয়। এই কারণেই কিছু হার্বাল মেহেন্দি চুলকে রাতারাতি কুচকুচে কালো বা গাঢ় বাদামি করার প্রতিশ্রুতি দেয়। চিকিৎসা বিষয়ক ওয়েবসাইট 'ওয়েবএমডি' (WebMD)-র মতে, ব্ল্যাক হেনা বা ভেজাল মেহেন্দি ব্যবহারের ফলে মাথার ত্বকে চুলকানি, জ্বালা, ফোলাভাব এবং মারাত্মক অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে।

চুলের ওপর কেমন প্রভাব পড়ে?

ন্যাচারাল মেহেন্দি সাধারণত স্ক্যাল্প বা মাথার ত্বককে ঠান্ডা রাখে এবং চুলকে গোড়া থেকে মজবুত ও উজ্জ্বল করে তোলে। অনেকের চুলে এটি দুর্দান্ত কন্ডিশনার হিসেবেও কাজ করে।

Advertisement

অন্যদিকে, যে সব পণ্য চুলে দ্রুত ও গাঢ় রং আনে, তাতে পিপিডি (PPD)-র মতো রাসায়নিক থাকার আশঙ্কা প্রবল। এই ধরনের রাসায়নিক অ্যালার্জির অন্যতম কারণ। তাই সুরক্ষিত উপায়ে চুল রাং করতে চাইলে খাঁটি বা ন্যাচারাল মেহেন্দি ব্যবহার করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

কেনার সময় কী কী খেয়াল রাখবেন?

দোকান থেকে মেহেন্দির প্যাকেট কেনার সময় কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত:

উপকরণের তালিকা পড়ুন: প্যাকেটের গায়ে '100% Natural Henna', 'No PPD' লেখা রয়েছে কি না এবং এর উপকরণগুলি ভাল করে পড়ে নিন।

ভেজাল চেনার উপায়: যদি দেখেন মেহেন্দির রং অত্যাধিক কালো, লাগানোর সঙ্গে সঙ্গেই চুলে রং ধরছে অথবা তা থেকে কড়া পারফিউমের গন্ধ বেরোচ্ছে, তবে সাবধান হন। বিশেষজ্ঞরা জানান, আসল মেহেন্দির রং সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে গাঢ় হয়। কিন্তু রাসায়নিক মেশানো ভেজাল মেহেন্দি নিমেষেই গাঢ় রং দেয়।

প্যাচ টেস্ট: পুরো চুলে মেহেন্দি লাগানোর আগে কানের পিছনে বা হাতের সামান্য অংশে 'প্যাচ টেস্ট' করে নিন। এতে অ্যালার্জির ঝুঁকি যেমন কমানো যায়, তেমনই মেহেন্দি আসল না নকল, তা-ও বোঝা যায়।


 

Read more!
Advertisement
Advertisement