
Curtain Cleaning Tips: অন্দরমহলের শোভা বাড়াতে পর্দার জুড়ি নেই। কিন্তু সেই পর্দা পরিষ্কার করার কথা ভাবলেই গৃহিণীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। ভারী পর্দা টেনে খোলা, তারপর বালতি বালতি জল খরচ করে কাচাকুচি, সে এক এলাহি কাণ্ড। এখানেই শেষ নয়, কাচার পর সেই ভেজা পর্দা ফের টাঙানো আরও এক ঝক্কি। তবে এবার মুশকিল আসান হবে ঘরোয়া টোটকাতেই। পর্দা না খুলে, এমনকি সিঁড়িতে না চড়েই কীভাবে তা নতুনের মতো ঝকঝকে করে তোলা যায়, তারই হদিস দিচ্ছে আধুনিক জীবনযাত্রা।
সবার আগে প্রয়োজন একটি শক্তিশালী ভ্যাকুয়াম ক্লিনার। পর্দা ঝুলন্ত অবস্থাতেই ওপর থেকে নিচ পর্যন্ত ব্রাশ অ্যাটাচমেন্ট দিয়ে টেনে নিন। এতে পর্দার ভাঁজে জমে থাকা ধুলোবালি নিমেষে সাফ হয়ে যাবে। যাদের বাড়িতে ভ্যাকুয়াম ক্লিনার নেই, তারা একটি বড় লাঠির মাথায় শুকনো সুতির কাপড় জড়িয়ে পর্দা ঝেড়ে নিতে পারেন। এতে উপরের আলগা ধুলো চলে যাবে।
এর পরের ধাপটি হলো দাগছোপ দূর করা। অনেক সময় জানলার দিক থেকে আসা ধুলো বা হাতের ছাপে পর্দায় কালো ছোপ পড়ে। এক্ষেত্রে একটি স্প্রে বোতলে সমপরিমাণ জল ও সাদা ভিনিগার মিশিয়ে নিন। সঙ্গে সামান্য লিকুইড ডিটারজেন্ট যোগ করলে ফল আরও ভালো মিলবে। পর্দার যে অংশে দাগ আছে, সেখানে হালকা করে স্প্রে করে দিন। এবার একটি স্পঞ্জ বা মাইক্রোফাইবার কাপড় দিয়ে হালকা হাতে মুছে নিলেই কেল্লাফতে।
চড়া রোদে পর্দা শুকানোর প্রয়োজন নেই, জানলা খুলে দিলে হাওয়ার ঝাপটাতেই তা শুকিয়ে যাবে। ঘর জুড়ে এক সতেজ গন্ধ বজায় রাখতে স্প্রে মিশ্রণে কয়েক ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েলও মিশিয়ে নিতে পারেন। এই সহজ কৌশলে পরিশ্রম বাঁচবে, আর আপনার ঘরের পর্দা হয়ে উঠবে নতুনের মতো উজ্জ্বল।