
পুজো মানেই তা অসম্পূর্ণ ভোগ ছাড়া। ভোগের খিচুড়ি-লাবড়া কিংবা লুচি-আলু ফুলকপির তরকারি সহযোগে পেটপুজো করার পর শেষপাতে টমেটোর চাটনি না হলে ঠিক জমে না। বাঙালির প্রিয় এই সাধারণ টমেটোর চাটনি পুজোর ভোগের স্বাদকে দ্বিগুণ করে দেয়। অথচ বানাতে লাগে মাত্র কয়েক মিনিট। বাঙালির রসনাতৃপ্তির তালিকায় চাটনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে। আর সেখানে যদি টমেটোর চক মিষ্টি চাটনির কথা বলা না হয়, তা হলে ঘোর অন্যায় হবে। সেটা ভোগের শেষে হোক অথবা মাংস-ভাত খাওয়ার পর শেষপাতে টমেটোর চাটনি হলে আর কিছুই চাই না। তাহলে জেনে নিন কীভাবে বানাবেন এই টমেটোর চাটনি।
উপকরণ
দেশি টমেটো
তেল
রসুন
শুকনো লঙ্কা
নুন
কারিপাতা
গোটা জিরে
গোটা সর্ষে
চিনি বা গুড়
কিশমিস
প্রণালী
প্রথমে টমেটো ভালো করে ধুয়ে নিন। এখানে একটা কথা বলে রাখা ভালো। টমেটো যদি দেশি না হয়, তা হলে চাটনির স্বাদ ভালো হবে না।
গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিন। তেল একটু গরম হলে টমেটোগুলি ছেড়ে দিন। তা ভালো করে ভাজতে থাকুন।
যতক্ষণ না টমেটো পুরো নরম হয়ে যায় ভালো করে উল্টে পাল্টে ভাজুন। দেখুন খোসা খুলে আসছে কিনা। যদি খোসা ছাড়ানো সম্ভব হয়, তা হলে টমেটো তুলে নিন। আলতো হাতে খোসা ছাড়িয়ে নিন।
একটি পাত্রে নিয়ে খোসা ছাড়ানো টমেটো ভালো করে চটকে নিন। এর পর, একটু সামান্য তেল গরম করে নিন। তাতে শুকনো লঙ্কা, জিরে, গোটা সর্ষে, রসুন কুচি এবং কারি পাতা ফোড়ন দিন।
কারি পাতা অর্ধেক ভাজা হয়ে এলে এতে যোগ করে দিন কাঁচা লঙ্কা, টমেটো ও স্বাদমতো নুন ও চিনি।
ভালো করে নেড়ে নিন। সব ভালো করে মিশে গেলেই প্রস্তুত ভাজা টমেটোর চাটনি।
শেষপাতে হিট এই ভাজা টমেটোর চাটনি গ্যারান্টি দিলাম।