
মাটন আর বাঙালিকে আলাদা করা একপ্রকার অসাধ্য। স্বাস্থ্যের তোয়াক্কা না করেই মাটনের বাটিতে হামলে পড়েন তাঁরা। আর এখন তো দুর্গাপুজো, আর বাঙালি মাটন থেকে দূরে থাকবেন, তা হয় নাকি? তবে পুজোর সময় সকলেই একটি ঝারা হাত-পা থাকতে চান। তাহলে বাইরের খাবার না খেয়ে বাড়িতেই চটজলদি মাটন কিমা কারি বানিয়ে নিন ধাবা স্টাইলে। রুটি-পরোটার সঙ্গে ফাটাফাটি লাগবে। আসুন তাহলে জেনে নিন মাটন কিমা কারি রেসিপি।
উপকরণ
মাটন কিমা
নুন
সর্ষের তেল
চিনি
পেঁয়াজ
আদা-রসুন বাটা
গোটা গরম মশলা
তেজপাতা
গরম মশলার গুঁড়ো
কড়াইশুঁটি ছাড়ানো
হলুদ গুঁড়ো
শুকনো লঙ্কার গুঁড়ো
পাতিলেবুর রস
টমেটো
জিরে গুঁড়ো
ধনে গুঁড়ো
স্টেপ ১-
প্রথমে মাংসের কিমা ধুয়ে ভাল করে জল ঝরিয়ে নিন। এবার কড়াইয়ে তেল দিন। তেল গরম হলে তাতে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিন। এরপর ওই তেলে পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে হালকা ভাজা-ভাজা করে নিন।
স্টেপ ২
মশলা কষে এলে তাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিন। পরিমাণমতো নুন ও চিনি দিয়ে কেটে রাখা টমেটোগুলি দিয়ে দিন। পেঁয়াজ কুচিও দিয়ে এবার ভাল করে কষাতে থাকুন। কড়াইশুঁটিগুলো দিয়ে দিন।
স্টেপ ৩
যদি আপনি ঝাল খেতে পছন্দ করেন, তাহলে বেশি করে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। মশলা হালকা কষে এলে মাংসের কিমাটা দিয়ে দিন। এবং ভাল করে কষাতে থাকুন। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়াতে শুরু করছে, ততক্ষণ কষাতে থাকুন। নামানোর আগে উপর দিয়ে সামান্য গরম মশলা ছড়িয়ে , রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন মাটনের কিমা কারি।