
গরমের মরশুমে প্রায়ই দুপুরে খাওয়া-দাওয়ার পর কিছু মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করে। কিন্তু এই গরমে বাজর থেকে কেনা মিষ্টি খেলে শরীর খারাপ অবশ্যই হবে। তাছাড়া মিষ্টিতে থাকা চিনি ওজন বৃদ্ধি, ক্লান্তি ও অন্যান্য সমস্যার সৃষ্টি করতে পারে। তবে বাড়িতেই তৈরি করা যায় সুস্বাদু মিষ্টি, যা মুগডাল দিয়ে তৈরি করা হয়। মুগডালের লাড্ডু যেমন খেতেও ভাল, হালকা মিষ্টি এবং তাড়াতাড়ি হজমও হয়।
মুগ ডালের লাড্ডুর উপকারিতা
এই লাড্ডুগুলোতে চিনির পরিবর্তে মিছরি বা গুড়ের গুঁড়ো ব্যবহার করা হয়, যা এক প্রাকৃতিক মিষ্টি স্বাদ দেয় এবং পেট ঠান্ডা রাখে ও অ্যাসিডিটি প্রতিরোধ করে। প্রোটিন ও ফাইবারে ভরপুর এই লাড্ডুগুলো মিনিটের মধ্যেই গ্রীষ্মের ক্লান্তি ও দুর্বলতা দূর করে এবং শরীরকে দীর্ঘক্ষণের জন্য সতেজ রাখে। তাই, এই গ্রীষ্মে অস্বাস্থ্যকর মিষ্টিকে বিদায় জানান এবং সহজেই বাড়িতে তৈরি করুন এই হালকা, সুস্বাদু ও স্বাস্থ্যকর মুগ ডালের লাড্ডু।
উপকরণ
মুগ ডাল-১ কাপ (ধুয়ে রাখা)
মিছরি বা গুড়-৩/৪ কাপ
খাঁটি ঘি-৪ থেকে ৫ চামচ (ডাল ভাজা ও মাখার জন্য)
এলাচ গুঁড়ো-হাফ চা চামচ
কুচোনো বাদাম ও পেস্তা-২ টেবিল চামচ
পদ্ধতি
প্রথমে মুগ ডাল ধুয়ে জল শুকিয়ে নিন।
এবার একটি কড়াইতে মুগ ডাল শুকনো করে ভেজে নিন। ততক্ষণ ভাজবেন যতক্ষণ ডালে হালকা সোনালি রং না ধরে আর সুন্দর গন্ধ না বের হয়।
ভাজা ডালগুলো একটি প্লেটে তুলে পুরোপুরি ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে, সেগুলো একটি মিক্সার জারে রেখে মিহি গুঁড়ো করে নিন।
এবার একটি প্যানে ২ চামচ ঘি গরম করে তাতে গুঁড়ো করা মুগ ডাল দিয়ে কম আঁচে আরও ৪-৫ মিনিট ভাজুন।
আঁচ বন্ধ করে মিশ্রণটি হালকা গরম হতে দিন। মিছরির গুঁড়ো (বা গুড়), এলাচ গুঁড়ো এবং কেটে রাখা ড্রাই ফ্রুটস যোগ করে ভালোভাবে মেশান।
কিছুটা ঘি যোগ করুন এই মিশ্রণে এবং হাতে ঘি মাখিয়ে মিশ্রণ থেকে একটু করে নিয়ে গোল গোল লাড্ডু বানিয়ে নিন।
এয়ার টাইট পাত্রে রেখে দিলে এই লাড্ডু বহুদিন ভাল থাকে এবং মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে এই স্বাস্থ্যকর লাড্ডু খেতে পারেন।