
বাঙালির মাছ-প্রীতি সম্পর্কে সকলেই অবগত। বাঙালি বাজারে গেলে আর কিছু কিনুক বা না কিনুক, থলে ভরে মাছ নিয়ে আসবে। আর সেখানে রুই-কাতলা থাকবে না তা হতে পারে না। ই দুই মাছ ছাড়া বাঙালির একেবারেই চলে না। তবে কাতলা দিয়ে হয় জিরে বাটা দিয়ে ঝোল আর না হয় দই মাছ। রোজ একই স্বাদের মাছ খেতে বড্ড একঘেয়ে লাগে কখনও সখনও। ওই মাছ দিয়ে নতুন কী পদ বানানো যায় ভাবছেন? রেস্তরাঁয় গেলে মুরগির রেজালার সঙ্গে রুটি তো অনেক খেয়েছেন, তবে মাছের রেজালা কি খেয়েছেন কখনও? বানিয়ে ফেলুন কাতলার রেজ়ালা, রইল রেসিপির হদিস।
উপকরণ
কাতলা মাছ
পেঁয়াজ বাটা
দেড় টেবিল চামচ আদা-রসুন বাটা
গোটা গরম মশলা
কাঁচা লঙ্কা বাটা
কাজু বাদাম বাটা
টক দই
খোয়া ৫০ গ্রাম
২ টেবিল চামচ ক্রিম
৫-৬ টেবিল চামচ ঘি
কেওড়া জল
মিষ্টি আতর
স্বাদমতো নুন ও চিনি।
পদ্ধতি
মাছের টুকরোগুলো ভাল করে পরিষ্কার করে নিন। আদা-রসুন বাটা ভাল করে চিপে নিয়ে রস সরিয়ে রাখুন। পেঁয়াজ, কাজুবাদাম আলাদা আলাদা করে বেটে নিন। এ বার কড়াইতে তেল গরম করে মাছের টুকরোগুলো সামান্য নুন দিয়ে হালকা করে ভেজে ভেজে তুলে রাখুন। এ বার ওই তেলের মধ্যে সামান্য ঘি দিয়ে গোটা গরমমশলা ফোড়ন দিন। তার পর পেঁয়াজ বাটা ও রসুন-আদার রস দিন। মশলার জল শুকিয়ে কাঁচালঙ্কা বাটা, ধনেগুঁড়ো দিয়ে কষিয়ে নিন। এর পর কাজুবাদাম বাটা ও দই দিয়ে ২-৩ মিনিট ভাজুন। খেয়াল রাখবেন মশলা যেন বাদামি না হয়ে যায়। এ বার কড়াইতে জল দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে মাছের টুকরোগুলি দিয়ে নাড়াচাড়া করুন। কিছু ক্ষণ হালকা আঁচে রেখে কেওড়া জল, মিষ্টি আতর ও খোয়া দিয়ে ভাল করে মিশিয়ে নিন। সব শেষে গ্যাস বন্ধ করে ক্রিম দিয়ে পরিবেশন করুন কাতলার রেজালা। গরমা গরম ভাতের সঙ্গে জমে যাবে মাছের এই পদ।