
পাঁঠার মাংসের সঙ্গে বাঙালির যোগ নিবিড়। যতই ডাক্তারের চোখ রাঙানি থাক না কেন, এর হাতছানি থেকে সাড়া না দিয়ে পারা যায় না। সপ্তাহে একদিন হলেও খাসির মাংস পাতে চাই। মাটন ও বাঙালির সম্পর্ক নিয়ে নতুন করে কিছুই বলার নেই। আগে তো রবিবার মানেই বাঙালি বাড়ির দুপুরের মেনুতে থাকতেই হবে কচি পাঁঠার ঝোল, সঙ্গে বড় বড় আলু। এই পাঁঠার ঝোল করা খুব একটা কঠিন নয়। তবে এর স্বাদ মন ও পেট দুটোকেই তৃপ্তি দেয়। আসুন তাহলে শিখে নিন কচি পাঁঠার ঝোল বানাবেন কী করে।
উপকরণ
কচি পাঁঠা ৭৫০ গ্রাম
আলু অর্ধেক করে কাটা
পেঁয়াজ ১ টা বড় কুচনো
টমেটো ২টো মাঝারি কুচনো
রসুন ৫ কোয়া (বাটা)
আদা ২ ইঞ্চি (বাটা)
দই ২ টেবল চামচ
ছোট এলাচ ৪টে
দারচিনি ১ টা
লবঙ্গ ৩-৪টে
তেজপাতা ২টো বড়
হলুদ গুঁড়ো দেড় চা চামচ
লঙ্কা গুঁড়ো ১ চা চামচ
ধনে গুঁড়ো ২ চা চামচ
জিরে গুঁড়ো দেড় চা চামচ
গরম মশলা গুঁড়ো ১ চা চামচ
ঘি ১ টেবল চামচ
তেল পরিমাণ মতো
নুন স্বাদমতো
পদ্ধতি
মাংস দই, নুন, অর্ধেক আদা-রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে অন্তত ৩-৪ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। কড়াইতে সর্ষের তেল গরম করে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ ও তেজপাতা ফোড়ন দিন।
সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে সেটা রং না বদলানো পর্যন্ত নাড়তে থাকুন। এ বার আদা-রসুন বাটা দিয়ে কষাতে থাকুন যতক্ষণ না পেঁয়াজ সোনালি হয়ে আসছে। টমাটো কুচি দিয়ে দিন।
টমাটো যখন নরম হয়ে গলে যাবে তখন মাংস ও আলু দিন। ভাজতে থাকুন যতক্ষণ না মাংসের রং বদলাচ্ছে ও জল ছাড়তে শুরু করছে।
মাংস জল ছাড়তে শুরু করলে সবশুদ্ধ প্রেশার কুকারে ঢেলে দিন। কতটা ঝোল প্রয়োজন সেই বুঝে জল দিন। প্রেশার কুকার চাপা দিয়ে ১২-১৫টা হুইসল পর্যন্ত সিদ্ধ করুন।
স্টিম বের করে দিয়ে ঢাকনা খুলুন। ৭-১০ মিনিট একদম ঢিমে আঁচে রাখুন। কতটা ঝোল চান সেই অনুযায়ী ঠিক করে নিন আঁচে কতক্ষণ রাখবেন।
মাংস সিদ্ধ হয়ে গেলে আঁচ বন্ধ করে ঘি ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে রাখুন। খাওয়ার আগে ঢাকনা খুলবেন।