
মাছ-মাংস সবদিন খেতে ভাল নাও লাগতে পারে। মাঝে মধ্যে নিরামিষ খাবার খেতেও মন্দ লাগে না। যদিও নিরামিষ খাবার তৈরি করতে বেশ অনেকটা সময়ই যায়। তাও যদি ঠিকভাবে বানানো হয়, তাহলে মাছ-মাংসকেও বলে বলে গোল দিতে পারে এইসব নিরামিষ খাবার। এমনই কিছু হারিয়ে যাওয়া বাঙালি নিরামিষ খাবার রয়েছে, যা খেতেও ভাল আর বানাতেও খুব বেশি পরিশ্রম লাগে না। সেরকমই একটি খাবার হল গোবিন্দভোগ চাল দিয়ে মোচার পোলাও। আসুন শিখে নিন কীভাবে তৈরি করবেন।
যা যা লাগবে
গোবিন্দভোগ চাল ১৫০ গ্রাম, মোচা ১ টি মাঝারি সাইজের, মটর ডাল ৫০ গ্রাম, ধনে গুঁড়ো ১ চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, টমেটো মাঝারি সাইজের (টুকরো করে কাটা), গোটা গরম মশলা, তেজপাতা ২ টি, কাজু ১০ টি, কিসমিস ১০ টি, সর্ষের তেল ২০ গ্রাম, হলুদ ১ চা চামচ, নুন স্বাদনুযায়ী, চিনি ৪ চা চামচ, ঘি ২ টেবল চামচ, সামান্য গোটা জিরে, ভাজা মশলা ২ চা চামচ।
কীভাবে রান্না করবেন
প্রথমে মোচা কেটে সেদ্ধ করে জল ঝড়িয়ে নিন।
অন্যদিকে চাল ধুয়ে জল ঝড়িয়ে রাখুন।
মটর ডাল বেটে ছোট ছোট বড়ার আকারে ভেজে নিন।
কড়াইতে তেল গরম করে জিরে, তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিন। তাতে একে একে টমেটো, আদাবাটা সহ বাকি সব মশলা দিয়ে কষতে থাকুন। নুন ও চিনিও দিন।
মশলা কষতে কষতে সেদ্ধ করে রাখা মোচা দিয়ে ভাল করে নাড়া করে জল (২০০ মিলিলিটার) দিন।
৪ মিনিট পর চাল আর বড়াগুলো দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দমে বসিয়ে দিন।।
চাল জল শুষে ঝুরঝুরে হয়ে এলে ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন।
গরম গরম পরিবেশন করুন, গোবিন্দভোগ চালের মোচার পোলাও।