
ত্বক পরিষ্কার করা বা 'ক্লেনজিং' হল, স্কিনকেয়ার রুটিনের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এর জন্য বাজারে নানা ধরনের ক্লিনজার ও ফেস ওয়াশ পাওয়া যায়। তবে এগুলোর দাম যেমন বেশি, তেমন এতে থাকে প্রচুর রাসায়নিক উপাদান। আমাদের রান্নাঘরেই এমন অনেক প্রাকৃতিক উপাদান রয়েছে, যা দিয়ে সহজেই বাড়িতে ফেস ওয়াশ তৈরি করা যায়। ঘরে তৈরি এই ফেস ওয়াশগুলো ত্বককে গভীরভাবে পরিষ্কার করে এবং ব্রণ, অতিরিক্ত তেল ও ত্বকের মলিনতা কমাতে সাহায্য করে। জেনে নিন, নিম দিয়ে বাড়িতে ফেস ওয়াশ তৈরির সহজ পদ্ধতি।
প্রাচীনকাল থেকেই ত্বকের যত্নে নিম ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে নিম পাতা ব্রণ, ব্রণের দাগ, ত্বকের কালো দাগ এবং ব্ল্যাকহেডসের মতো সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকর। আপনি যদি রাসায়নিকযুক্ত পণ্যের পরিবর্তে প্রাকৃতিক কোনও উপায় বেছে নিতে চান, তবে বাড়িতেই নিম ফেস ওয়াশ তৈরি করে দেখতে পারেন।
নিম ও অ্যালোভেরা ফেস ওয়াশ
ত্বকের জন্য অ্যালোভেরা অত্যন্ত উপকারী বলে বিবেচিত হয়। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে। নিম গুঁড়ো ও অ্যালোভেরা জেলের মিশ্রণ মুখে লাগালে তা ব্রণের দাগ, ত্বকের কালো দাগ ও ব্রণ কমাতে সাহায্য করে।
নিম ও অ্যালোভেরা ফেস ওয়াশ তৈরি করতে ১ চা চামচ নিম গুঁড়ো এবং ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। উপাদানগুলো ভাল ভাবে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর মিশ্রণটি মুখে লাগিয়ে আলতোভাবে ম্যাসাজ করুন। ৫ মিনিট রেখে দিন এবং তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন।
নিম ও হলুদের ফেস ওয়াশ
হলুদে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-অক্সিডেন্ট গুণ রয়েছে। নিমের সঙ্গে হলুদ ব্যবহার করলে মুখের লালচে ভাব ও প্রদাহ কমতে পারে। এটি ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতেও সাহায্য করে।
নিম ও হলুদ ফেস ওয়াশ তৈরি করতে ২ চা চামচ নিম গুঁড়ো, ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো এবং ১ চা চামচ গোলাপ জল নিন। প্রথমে নিম গুঁড়ো ও হলুদ ভালোভাবে মিশিয়ে নিন। এরপর সামান্য জল মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। হালকা গরম জল দিয়ে মুখ পরিষ্কার করে নিন এবং তৈরি করা পেস্টটি মুখে লাগিয়ে আলতোভাবে ম্যাসাজ করুন। ৫ থেকে ৬ মিনিট রেখে দেওয়ার পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
সবশেষে পরিষ্কার তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। আপনার ত্বক যদি সংবেদনশীল হয়, তবে যে কোনও ঘরোয়া পদ্ধতি ব্যবহার করার আগে ‘প্যাচ টেস্ট’ (ত্বকের ছোট অংশে পরীক্ষা) করে নিন। যদি কোনও ধরনের জ্বালাপোড়া বা অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দেয়, তবে এর ব্যবহার বন্ধ করুন।