
যতই ডাক্তারের চোখ রাঙানি থাক ভাজাভুজি ছাড়া খাওয়া-দাওয়া অসম্পূর্ণ। তাই তো বিকেল হতেই চা-কফির সঙ্গে একটু তেলেভাজা খোঁজে বাঙালি। আলুর চপ, পেঁয়াজি, বেগুনি, ফুলুরির পাশাপাশি মাছের ভাজাভুজিও বেশ ভাল লাগে। মাছের চপ বা ফ্রাই পছন্দ করেন না, এমন বাঙালি খুঁজে পাবেন না। ফিস ফ্রাইয়ের পাশাপাশি তোপসে ফ্রাইও বাঙালির বেশ পছন্দের। এই সময় বাজারে খুব ভালো তোপসে মাছ পাওয়া যায়। সামান্য উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন মুচমুচে তোপসে ফ্রাই। শিখে নিন তোপসে ফ্রাই রেসিপি।
উপকরণ
লাগছে তোপসে মাছ- ২৫০ গ্রাম, বেসন- ১/২ কাপ মতো, চালের গুঁড়ো- ১-২ টেবিল চামচ, বেকিং সোডা-এক চিমটি, ভিনিগার- ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা-১ টেবিল চামচ, আদা ও রসুন বাটা- ২ টেবিল চামচ, ধনেপাতা বাটা- ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো- ২ টেবিল চামচ, হলুদ- ২ টেবিল চামচ, নুন এবং চিনি স্বাদমতো, সাদা তেল-পরিমাণমতো।
পদ্ধতি
প্রথমে মাছ খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এর পর তাতে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভিনিগার, আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে ঘণ্টা খানেক। এবার একটা বাটিতে বেসন, চালের গুঁড়ো, খাবার সোডা, কালো জিরে দিয়ে মিশ্রণ তৈরি করতে হবে।
মিশ্রণটির মধ্যে কিছুটা জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিন। যোগ করুন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে। তবে ব্যাটারটা যেন বেশি ঘন বা বেশি পাতলা না হয়।
কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিন। মাছগুলো ব্যাটারে চুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে। এইভাবে সব মাছগুলো ফ্রাই করে নিন। তবে, গ্যাসের আঁচটা মিডিয়াম যেন থাকে। উপর থেকে চাট মশলা ছড়িয়ে সস বা কাসুন্দির সঙ্গে পরিবেশন করুন।