
যে কোনও ভারতীয় পদ রান্নায় হলুদের ব্যবহার খুব অধিক দেখা যায়। হলুদ খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি সুন্দর রং এনে দেয়। এছাড়াও হলুদের রয়েছে একাধিক ঔষধীয় গুণ। যার কারণে হলুদ অন্যভাবেও ব্যবহার করা হয়। কিন্তু বাজারে উপলব্ধ হলুদ আদৌও আসল কিনা, তা নিয়ে বেশ ধন্দে থাকেন সাধারণ মানুষ। হলুদে প্রায়শই লেড ক্রোমেট এবং মেটানিল ইয়েলোর মতো বিপজ্জনক রাসায়নিকের পাশাপাশি হলুদ মাটি, খড়িমাটির গুঁড়ো এবং স্টার্চ মেশানো হয়। যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভাল নয়। তা মারাত্মক ক্ষতি করতে পারে। তাই বাজার থেকে হলুদ না কিনে বাড়িতেই গোটা হলুদ দিয়ে হলুদ গুঁড়ো তৈরি করে নিন। এতে আপনি খাঁটি হলুদ গুঁড়ো পাবেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন হলুদের গুঁড়ো?
কীভাবে তৈরি করবেন হলুদ গুঁড়ো
-হলুদের গুঁড়ো তৈরি করতে হলে প্রথমে বাড়িতে গোটা হলুদগুলো ভালভাবে পরিষ্কার করে নিন। গোটা হলুদ কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখুন, তারপর ব্রাশ বা হাত দিয়ে ভালভাবে ঘষে ময়লা ও কাদা দূর করুন।
-দলা পাকানো হলুদ মিক্সারে গুঁড়ো করা সহজ নয়, তাই হলুদটা গ্রেট করে নিন। একদম মিহি গুঁড়ো করবেন না, বরং আলুর চিপসের মতো পাতলা করে কেটে নিন। এতে হলুদ দ্রুত ও সহজে শুকিয়ে যাবে।
-এরপর ছাদে বা বারান্দায় রোদে হলুদের টুকরোগুলি রাখতে হবে। একটি সুতির কাপড়ে হলুদ ছড়িয়ে দিয়ে শুকিয়ে নিন। ৩ থেকে ৫ দিন ধরে শুকাতে হবে, যতক্ষণ না এটি শক্ত হয়ে যায়। আপনার যদি এয়ার ফ্রায়ার থাকে, তবে আপনি এয়ার ফ্রায়ারে ৩ ঘণ্টা রেখেও হলুদ মুচমুচে করে নিতে পারেন।
-যখন হলুদ পুরোপুরি শুকিয়ে যাবে এবং হাতে ধরলে মচমচে মনে হবে, তখন এটি গুঁড়ো করার জন্য প্রস্তুত। এবার মিক্সারে অল্প অল্প করে হলুদ গুঁড়ো করুন। তবে, একবারে সবটা গুঁড়ো করার প্রয়োজন নেই। তাই, হলুদটি কয়েকটি ধাপে গুঁড়ো করুন। প্রথমে সমস্ত হলুদ গুঁড়ো করে একপাশে সরিয়ে রাখুন এবং তারপর মিক্সারে আবার গুঁড়ো করে নিন।
সংরক্ষণের নিয়ম
হলুদ গুঁড়ো করার পর, আপনি হয় চালুনি দিয়ে চেলে নিতে পারেন অথবা সরাসরি সংরক্ষণ করতে পারেন। হলুদ একটি এয়ার টাইট পাত্রে রাখুন। সঠিকভাবে সংরক্ষণ করলে এটি অনেকদিন পর্যন্ত থাকবে।