
রসগোল্লা ছাড়া বাঙালির মিষ্টিবিলাস অসম্পূর্ণ। চিনির, গুড়ের, স্পঞ্জের-নানা স্বাদের রসগোল্লায় মুগ্ধ আমাদের রসনা। তবে ছানা ছাড়াও নরম তুলতুলে রসগোল্লা তৈরি করা যায় খুব সহজেই। বাসি পাউরুটি দিয়ে খুব সহজেই এই রসগোল্লা তৈরি করা যায়। সোশ্যাল মিডিয়াতেও এই রেসিপি খুবই জনপ্রিয় ও ভাইরালও বটে। তাহলে শিখে নিন পাউরুটি দিয়ে কীভাবে রসগোল্লা তৈরি করবেন।
উপকরণ
পাউরুটি দিয়ে রসগোল্লা তৈরির জন্য নিয়ে নিন ৫টি স্লাইস পাউরুটি, ১ কাপ দুধ, ১ কাপ চিনি, ১ কাপ জল, আধ চামচ এলাচগুঁড়ো, কুচনো বাদাম এবং ১ চা চামচ লেবুর রস।
প্রণালী
প্রথমে পাউরুটির কিনারাগুলি কেটে ছোট ছোট টুকরো করে নিন।
এ বার দুধ গরম করে লেবুর রস বা ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার দিয়ে ছানা তৈরি করে নিন। সাদা পরিষ্কার মলমলের কাপড়ে ছানা ছেঁকে জল ঝরিয়ে নিন৷ তারপর ছানায় পাউরুটি মিশিয়ে ভাল করে চটকে রাখুন।
ওই মিশ্রণ থেকে ছোট ছোট করে বলের আকারের লেচি কেটে নিন।
সেগুলো একপাশে রেখে এ বার তৈরি করুন চিনির সিরাপ। তার জন্য একটি পাত্রে জল ও চিনি ফুটিয়ে এলাচগুঁড়ো মিশিয়ে নিন।
চিনির রস তৈরি হয়ে গেলে তাতে দিয়ে দিন ছানার বল। ১৫ মিনিটের জন্য ফোটান।
তাহলেই আপনার রসগোল্লা তৈরি। এ বার শুধু গরমাগরম টপাটপ মুখে ফেলার অপেক্ষা।
শুধু রসগোল্লা খেতে ভাল না লাগলে বানিয়ে নিন রসমালাই বা রসগোল্লার পায়েস। নামীদামি মিষ্টির দোকানে রাশি রাশি টাকা খরচ না করে ঘরেই হাজির সেলিব্রেশনের উপকরণ।