
How to Remove Iron Stains: বাথরুম পরিষ্কার রাখার পরেও টালির গায়ে হলদে বা বাদামি দাগ থেকে যায়? অনেক সময় জলে থাকা আয়রন বা লোহার কারণেই এই সমস্যা হয়। বিশেষ করে নলকূপ বা আয়রনযুক্ত জল ব্যবহার করলে টালি, কল এবং বেসিনে মরচের মতো ছোপ পড়তে পারে। সাধারণ সাবান বা ডিটারজেন্ট দিয়ে ঘষেও সেই দাগ সহজে উঠতে চায় না। তবে কয়েকটি ঘরোয়া উপায় মেনে চললে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব।
লেবুর রস ও বেকিং সোডা
টালির হালকা দাগ তুলতে লেবুর রস ব্যবহার করতে পারেন। লেবুর রসে থাকা অ্যাসিড দাগ আলগা করতে সাহায্য করে। দাগের জায়গায় সামান্য লেবুর রস লাগিয়ে ৫-১০ মিনিট অপেক্ষা করুন। তার পর নরম ব্রাশ দিয়ে আলতো করে ঘষে জল দিয়ে ধুয়ে নিন। প্রয়োজনে বেকিং সোডা ও অল্প জল মিশিয়ে পেস্ট তৈরি করে দাগের উপরে লাগাতে পারেন। তবে আগে টালির ছোট একটি অংশে পরীক্ষা করে নিন।
সাদা ভিনিগার
টালির উপরে জমে থাকা কিছু দাগ পরিষ্কার করতে সাদা ভিনিগার কাজে আসতে পারে। একটি কাপড়ে সামান্য ভিনিগার নিয়ে দাগের জায়গায় লাগান। কয়েক মিনিট পরে নরম ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। তবে সব ধরনের টালি বা পাথরের মেঝেতে ভিনিগার ব্যবহার করা ঠিক নয়। মার্বেল, চুনাপাথর বা প্রাকৃতিক পাথরের উপর অ্যাসিডজাতীয় পরিষ্কারক ব্যবহার করলে ক্ষতি হতে পারে। টালির নির্মাতার নির্দেশ মেনে চলুন।
দাগ না উঠলে কী করবেন?
পুরনো বা জেদি দাগের ক্ষেত্রে টালির জন্য নির্দিষ্ট পরিষ্কার করার তরল ব্যবহার করতে পারেন। কেনার আগে প্রোডাক্টের গায়ে লেখা গাইড পড়ে নিন। হাতে গ্লাভস পরুন এবং বাথরুমের জানলা খুলে রাখুন। কোনও রাসায়নিকের সঙ্গে ব্লিচ বা অন্য পরিষ্কারক মেশাবেন না। এতে বিপজ্জনক গ্যাস তৈরি হতে পারে। অ্যাসিড বা ব্লিচ জাতীয় যে কোনও তরলই জলে মিশিয়ে ব্যবহার করা উচিত।
বার বার দাগ পড়া আটকাবেন কীভাবে?
দাগ তোলার পাশাপাশি তার কারণ খুঁজে বের করাও জরুরি। বাথরুমে জল জমে থাকতে দেবেন না। স্নানের পরে শুকনো কাপড় দিয়ে টালি মুছে নিন। কল বা পাইপে মরচে ধরেছে কি না, তা-ও পরীক্ষা করুন।
পুরনো টালি হলে উপায় নেই
টালি যদি খুব পুরনো হয়ে যায়, তাহলে তা বদলে ফেলাই শ্রেয়। সাধারণত ভাল মানের বাথরুম টাইলস ১৫-২০ বছর অটুট থাকে। তারপর উপরের আস্তরণ ক্ষয়ে যেতে শুরু করে। তেমন হলে নতুন টাইলস বসিয়ে নেওয়াই ভাল। তাতে ফের আরও এক-দুই দশক চলবে।