
How to Remove Peepal Plant: বাড়ির ছাদে অনেক দিন যাওয়া হয় না। তাই ছাদ পরিষ্কার করাও হয়ে ওঠে না নিয়মিত। কয়েক মাস পরে সেখানে গেলেন। দেখলেন দেওয়াল বা জলের ট্যাঙ্কের গা দিয়ে ছোট্ট বট বা অশ্বত্থের গাছ গজিয়েছে। দেখতে ছোট হলেও এই গাছকে একেবারেই অবহেলা করা ঠিক নয়।
অনেকেই এমন গাছ দেখলেই হাত দিয়ে জোরে টেনে তুলে ফেলতে চান। কিন্তু তাতে সমস্যা হতে পারে। বিশেষ করে অশ্বত্থ গাছের শিকড় যদি দেওয়াল, ছাদ বা সিমেন্টের ফাঁকে ঢুকে যায়, তা হলে উপর থেকে গাছ তুলে ফেললেও শিকড় ভিতরে থেকে যেতে পারে। পরে সেখান থেকেই আবার গাছ গজানোর আশঙ্কা থাকে।
শুধু তাই নয়। গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে শিকড়ও ছড়াতে থাকে। দেওয়ালে আগে থেকেই ছোট কোনও ফাটল থাকলে সেটি আরও চওড়া হতে পারে। তাই ছাদে বা জলের ট্যাঙ্কের কাছে অশ্বত্থ গাছ চোখে পড়লে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলা ভাল।
দেওয়াল থেকে গাছ তুলুন সাবধানে
দেওয়ালের ফাটল থেকে অশ্বত্থ গাছ বেরিয়ে থাকলে প্রথমেই সেটিকে উপর দিকে জোরে টানবেন না। এতে গাছের কাণ্ড ছিঁড়ে যেতে পারে। কিন্তু শিকড় থেকে যেতে পারে দেওয়ালের ভিতরে।
বরং প্রথমে গাছের কাণ্ডটি দেওয়ালের একেবারে কাছ থেকে ধরুন। যতটা সম্ভব গোড়ার কাছে হাত দিয়ে ধরার চেষ্টা করুন। এতে গাছের উপর নিয়ন্ত্রণ বেশি থাকবে।
ধীরে ধীরে ঘোরান
গাছটি ধরার পরে এক ঝটকায় টান দেবেন না। ধীরে ধীরে কাণ্ডটি ঘোরাতে থাকুন। হালকা হাতে ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে একটু একটু করে নাড়াতে পারেন। এতে শিকড়ের চারপাশের অংশ কিছুটা আলগা হতে পারে।
গাছ নড়তে শুরু করলে আরও সাবধানে কাজ করুন। হঠাৎ জোর করলে শিকড় ছিঁড়ে যেতে পারে। ধীরে ধীরে আলগা করে গোড়া-সহ তুলে আনার চেষ্টা করুন।
গোড়ার অংশটিও বের করবেন
অশ্বত্থ গাছ তুলতে গিয়ে যদি শিকড় বা গোড়ায় কোনও শক্ত গাঁটের মতো অংশ দেখা যায়, সেটিকেও যতটা সম্ভব বের করে ফেলুন। শুধু উপরের গাছটি তুলে রেখে দিলে ভিতরে থাকা শিকড় বা গোড়ার অংশ থেকে আবার নতুন চারা বেরোতে পারে।
তবে দেওয়াল বা ছাদের কাঠামোর ভিতরে শিকড় গভীর ভাবে ঢুকে থাকলে জোর করে টানাটানি করবেন না। তাতে দেওয়ালের ক্ষতি হতে পারে। এমন ক্ষেত্রে মিস্ত্রি বা বিশেষজ্ঞের সাহায্য নেওয়াই নিরাপদ।
গাছ ছোট থাকতেই সরান
ছাদে, দেওয়ালের ফাটলে বা জলের ট্যাঙ্কের পাশে অশ্বত্থ গাছ দেখতে পেলে বেশি দিন ফেলে রাখবেন না। ছোট অবস্থায় সেটি সরানো তুলনামূলক সহজ। গাছ বড় হলে শিকড়ও বাড়তে থাকে। তখন দেওয়াল বা ছাদের ক্ষতির আশঙ্কা বাড়তে পারে।
তাই নিয়মিত ছাদ পরিষ্কার করার সময় জলের ট্যাঙ্কের চারপাশ, দেওয়ালের ফাটল এবং ইটের ফাঁক এক বার দেখে নিন। ছোট চারা চোখে পড়লেই দ্রুত ব্যবস্থা নিন। এতে পরে বড় সমস্যা এড়াতে পারবেন।