
বর্ষা মানেই গরম থেকে স্বস্তি। তবে ঝামেলাও আছে। তেমনই একটি হল ভেজা জামাকাপড় শুকোনো এবং সেগুলিতে স্যাঁতসেঁতে দুর্গন্ধের সমস্যা। দিনের পর দিন রোদ না থাকায় কাপড়ে আর্দ্রতা জমে থাকে। সেই সুযোগে ব্যাক্টেরিয়া ও ছত্রাকের বৃদ্ধি হয়। ফলে কাপড় থেকে বেরোতে শুরু করে এক ধরনের অস্বস্তিকর গন্ধ।
অনেক সময় কাপড় শুকিয়ে যাওয়ার পরেও সেই গন্ধ থেকে যায়। ফলে নতুন ধোয়া জামাকাপড় পরতেও অস্বস্তি হয়। তবে কয়েকটি সহজ ঘরোয়া উপায় মেনে চললে এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যেতে পারে।
সাদা ভিনিগার
কাপড় ধোয়ার সময় শেষবার কাচার জলে ২ থেকে ৩ চামচ সাদা ভিনিগার মিশিয়ে নিতে পারেন। ওয়াশিং মেশিন ব্যবহার করলে ফ্যাব্রিক সফ্টনারের অংশেও এটি দেওয়া যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ভিনিগার ব্যাক্টেরিয়া ও স্যাঁতসেঁতে গন্ধ দূর করতে সাহায্য করে। পাশাপাশি কাপড়ের ফ্যাব্রিকেরও ক্ষতি করে না।
বেকিং সোডা
যদি জামাকাপড় থেকে খুব বেশি দুর্গন্ধ বেরোয়, তা হলে ডিটারজেন্টের সঙ্গে আধ কাপ বেকিং সোডা মিশিয়ে ধুতে পারেন।
বেকিং সোডা দুর্গন্ধ শোষণ করে নেয় এবং কাপড়কে ভিতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে। ফলে গন্ধ অনেকটাই কমে যেতে পারে।
লেবুর রস
কাপড় ধোয়ার জলে একটি লেবুর রস মিশিয়ে নেওয়া যেতে পারে। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড ব্যাক্টেরিয়ার বৃদ্ধি কমাতে সাহায্য করে।
একই সঙ্গে কাপড়ে হালকা ও সতেজ সুগন্ধও রেখে যায়। ফলে জামাকাপড় আরও ফ্রেশ অনুভূত হয়।
আলমারিতে রাখুন লবঙ্গ ও কর্পূর
অনেক সময় কাপড় ধোয়ার পরও আলমারির আর্দ্রতার কারণে গন্ধ ফিরে আসে। এই সমস্যা এড়াতে একটি সুতির কাপড়ে ৪-৫টি লবঙ্গ এবং কয়েকটি কর্পূরের টুকরো বেঁধে আলমারির ভিতরে রাখতে পারেন।
এতে আর্দ্রতা কিছুটা কমবে এবং কাপড়ে মনোরম গন্ধ বজায় থাকবে।
টি-ট্রি অয়েল
টি-ট্রি অয়েলে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল গুণ। একটি স্প্রে বোতলে জল নিয়ে তাতে ৫-৬ ফোঁটা টি-ট্রি অয়েল মিশিয়ে কাপড়ে হালকা স্প্রে করা যেতে পারে।
এ ছাড়াও কাপড় ধোয়ার জলে এটি মিশিয়েও ব্যবহার করা যায়। এতে ছত্রাকের বৃদ্ধি কমে এবং স্যাঁতসেঁতে গন্ধ দূর হতে পারে।
বর্ষায় কাপড়ের যত্ন
বর্ষাকালে কাপড় যত দ্রুত সম্ভব শুকোনোর চেষ্টা করা উচিত। ঘরের ভিতরে কাপড় শুকোলে ফ্যান বা ডিহিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি নিয়মিত আলমারি পরিষ্কার রাখলে এবং আর্দ্রতা কমালে দুর্গন্ধের সমস্যাও অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।