
গরম পড়লেই প্রচুর বিদ্যুতের দরকার পড়ে। এয়ার কন্ডিশনার, কুলার, ফ্যান, রেফ্রিজারেটর এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্রমাগত চলতে থাকে। যার ফলে অনেক বাড়িতে মাসের বিদ্যুৎ বিল উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এই ব্যয় আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, বিশেষ করে একান্নবর্তী পরিবারগুলিতে। ফলে বিদ্যুতের বিল কমাতে ছাদে সোলার প্যানেল বসাতে পারেন। কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটি প্রকল্পও পরিচালনা করছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল প্রধানমন্ত্রী সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প।
কেন্দ্রীয় সরকারের চালু করা এই প্রকল্পের লক্ষ্য হল জনগণকে সোলার প্যানেল নেওয়ায় উৎসাহিত করা। এই প্রকল্পের আওতায়, সরকার ছাদে সৌর প্যানেল স্থাপনের জন্য ভর্তুকি দেয়।
এই প্রকল্পটি মূলত আবাসিক বাড়ির জন্য। সরকারি ভর্তুকি কেবল সেইসব গ্রাহকদের জন্য উপলব্ধ যাদের নিজস্ব বাড়ি আছে এবং যাদের বৈধ গার্হস্থ্য বিদ্যুৎ সংযোগ আছে।
নিয়মগুলি কী কী?
যদি কোনও ব্যক্তি তার বাড়ি থেকে ছোট দোকান চালায় এবং বাড়ি থেকে ইলেক্ট্রিক টানে তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। তবে, যদি দোকানটি সম্পূর্ণরূপে বাণিজ্যিক হয় এবং একটি পৃথক বাণিজ্যিক বিদ্যুৎ সংযোগ থাকে, তাহলে তিনি ভর্তুকি পাবেন না। সৌর প্যানেল স্থাপনের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ না থাকলেও, পুরো খরচ মালিককে বহন করতে হবে।
কত ভর্তুকি পাওয়া যায়?
প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার অধীনে, সৌরশক্তির ক্ষমতার উপর ভিত্তি করে ভর্তুকি দেওয়া হয়। ১ কিলোওয়াট পর্যন্ত সিস্টেমের জন্য, প্রতি কিলোওয়াটে ভর্তুকি প্রায় ৩০,০০০ টাকা। ২ কিলোওয়াট পর্যন্ত সিস্টেমের জন্য, মোট ভর্তুকি প্রায় ৬০,০০০ টাকা। ৩ কিলোওয়াট বা তার বেশি সিস্টেমের জন্য, সর্বোচ্চ ভর্তুকি ৭৮,০০০ টাকা।