
বিকেলের হালকা খিদে হোক কিংবা বা বন্ধুদের সঙ্গে আড্ডার মাঝে, সবাই চায় চটপটে ও মশলাদার কিছু খেতে। আমরা অনেক সময় ভেবে পাই না, চটজলদি কী তৈরি করা যায় যা সুস্বাদু এবং স্বাস্থ্যকর হবে। সেক্ষেত্রে, ঝালমুড়ি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প।
ঝালমুড়ি একটি অত্যন্ত জনপিয় মুখরোচক খাবার। এই হালকা খাবারটি রাস্তাঘাট থেকে বাড়ি সর্বত্রই পাওয়া যায় সহজেই। রাস্তার ঝালমুড়ি খেতেই বেশি পছন্দ করেন অধিকাংশ মানুষ। স্কুল, কলেজ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনেও ফেরি করে বিক্রি করা হয়। এছাড়াও স্টেশনে বা ট্রেনের মধ্যেও এই মুখরোচক খাবার পাওয়া যায়।
আজকাল আবার মুদিকানা দোকানেও পাওয়া যায় ভিন্ন রকমের ঝালমুড়ির প্যাকেট। ঝালমুড়ি এমন একটি খাবার যা মুড়ি, চানাচুর ও অন্যান্য মশলা সংযোগে তৈরি হয়। স্বাস্থ্যকর এবং সাশ্রয়ী মূল্যের খাবার হওয়ায় এটি সাধারণ মানুষের জীবনের একটি অংশ হয়ে উঠেছে।
কলকাতার রাজপথের অত্যন্ত জনপ্রিয় এই ঝালমুড়ি। খেতে যেমন সুস্বাদু, তেমন তৈরি করাও অত্যন্ত সহজ। মুড়ি, কাঁচা সর্ষের তেলের সুবাস এবং দেশীয় মশলার সংমিশ্রণে তৈরি এই খাবার এতটাই লোভনীয় যে, একবার খেলে আপনি বারবার এটি খাওয়ার জন্য আকুল হয়ে উঠবেন। শিখে নিন, কীভাবে তৈরি করতে হয় বাঙালি স্টাইলে মশলাদার ঝালমুড়ি।
উপকরণ (৪ জনের পরিবেশনের জন্য)
২ কাপ মুড়ি
১টি সেদ্ধ আলু
১ মুঠো চিনেবাদাম
১টি টমেটো
১টি পেঁয়াজ
১ চা চামচ জিরা গুঁড়ো
১ কাপ ভাজা ছোলা
১ মুঠো ধনেপাতা
১ চা চামচ লেবুর রস
১ চা চামচ চাট মশলা ও লঙ্কা গুঁড়ো
১ চা চামচ বিট নুন
১/২ চা চামচ সর্ষের তেল
২-৩টি কাঁচা লঙ্কা
স্বাদমতো নুন
কীভাবে তৈরি করবেন?
* ঝালমুড়ি তৈরির জন্য প্রথমে সবজিগুলো ভাল করে ধুয়ে নিন এবং কুচি কুচি করে কেটে নিন।
* এবার একটি পাত্রে কাটা সবজিগুলো নিন এবং তাতে এক মুঠো চিনেবাদাম, ভাজা ছোলা, সেদ্ধ আলুর টুকরো, নারকেলের টুকরো এবং লেবুর রস যোগ করুন।
* সব কিছু ভাল করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণে মুড়ি যোগ করুন এবং আবারও ভাল করে মিশিয়ে নিন।
* সব কিছু যেন সমানভাবে মিশে যায়, তা নিশ্চিত করুন।
* এবার এতে সর্ষের তেল, সাধারণ নুন, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো এবং বিট নুন যোগ করুন এবং সব কিছু পুনরায় ভাল করে মিশিয়ে নিন।
* আপনার মশলাদার ঝালমুড়ি এখন পরিবেশনের জন্য প্রস্তুত। উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন এবং এই চটপটে জলখাবারটি উপভোগ করুন।