
মাছে ভাতে বাঙালি। দুপুরে পাতে এক টুকরো মাছ হলেই চলে। মাছের ঝোল, মাছের কালিয়া, মাছ ভাজা হরেক ধরনের পদ দিয়ে তবে আপনি যদি প্রতিদিন একঘেয়ে মাছের ঝোল খেয়ে থাকেন তাহলে আজকের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানাতে পারেন। এর জন্য হাতে খুব বেশি হলে ১০ মিনিট সময় লাগবে। দেখে নিন কাতলা মাছের নতুন এই রেসিপিটি।
উপকরণ
৫ টুকরো কাতলা মাছ
১টি লেবুর রস
১ চা চামচ হলুদগুঁড়ো
১ চা চামচ লঙ্কাগুঁড়ো
৪টি কাঁচালঙ্কা
৭-৮ কোয়া
১ টেবিল চামচ গোটা গোলমরিচ
১ টেবিল চামচ কালোজিরেবাটা
আধ কাপ ফেটানো টক দই
স্বাদমতো নুন, চিনি
পরিমাণ মতো সর্ষের তেল
পদ্ধতি
প্রথমে মাছগুলিকে ধুয়ে নিন। এরপর মাছের মধ্যে নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো আর লেবুর রস দিয়ে ভাল করে মেখে রেখে দিন। এবার একটি মিক্সিতে কাঁচালঙ্কা, রসুন, কালোজিরে আর গোটা গোলমরিচ বেটে নিন। তারপর কড়াইয়ে তেল গরম করে মাছগুলি ভেজে তুলে রাখুন। এবার তেলের মধ্যে গোলমরিচ ফোড়ন দিয়ে বেটে রাখা মিশ্রণ দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে ফেটিয়ে রাখা টক দই মিশিয়ে নিন। তারপর স্বাদ মতো নুন, চিনি দিয়ে ভাজা মাছগুলি ছেড়ে দিন ঝোলে। ঝোল ফুটে উঠলে উপর থেকে গোলমরিচগুঁড়ো দিয়ে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন।