
আমাদের রাজ্যে খুবই জনপ্রিয় স্ট্রিট ফুড হল ঝালমুড়ি। হালে সেই তালিকায় যোগ দিয়েছে মোমো, ফুচকা, পিৎজা। যদিও ঝালমুড়ির কাছে ফেল সকলেই। কাঁচালঙ্কা, আচার, চানাচুর, পেঁয়াজ কুচি দিয়ে মাখার সময় যে সুঘ্রাণ আসে তাতে নিজেকে আটকে রাখা মুশকিল। এখনও অনেকের সন্ধের চায়ের সঙ্গে ঝালমুড়ি খেয়ে থাকেন। আগে পাঁচটাকায় ঝালমুড়ি পাওয়া যেত। এখন ট্রেনের সেই ঝালমুড়ি বেড়ে হয়েছে ১৫ টাকা। ১০ টাকায় সচরাচর কেউ আর মুড়ি দিতে চান না। তবে এই ঝাল মুড়ির কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। শরীর সুস্থ রাখতে ঝালমুড়ির ভূমিকা আছে। এছাড়াও যাঁরা ডায়েট করেন তাদের জন্যেও খুব ভাল খাবার হল ঝালমুড়ি। তবে বাড়িতেই একেবারে লোকাল ট্রেনের স্বাদ আসবে ঝালমুড়িতে। আসুন শিখে নিন ঝালমুড়ির রেসিপি।
ঝালমুড়ি রেসিপি
মুড়ি মাখার জন্য লাগবে শসা, পেঁয়াজ, আদা, নারকেল, কাঁচালঙ্কা, ধনেপাতা কুচি। ছোলা আগে থেকে ভিজিয়ে রাখুন। আলু সেদ্ধ করে নিন। পাঁপড় শুকনো তাওয়াতে সেঁকে রাখুন। বাড়িতে ভাল কোয়ালিটির চানাচুর রাখুন। সঙ্গে সর্ষের তেল, আচার এসব রাখতেও ভুলবেন না।
পদ্ধতি
এবার মুড়িতে প্রথমে তেল, সামান্য নুন-গোলমরিচ, পেঁয়াজ, লঙ্কা, চানাচুর, পাঁপড় এসব দিয়ে শুকনো করে মেখে নিন। মেখে নিয়ে এর মধ্যে মেশান শসা, ভেজানো ছোলা আর আলু সিদ্ধ। সব একসঙ্গে ভাল করে মিশিয়ে নিয়ে উপর থেকে নারকেল কুচি, ঝুরিভাজা মিশিয়ে দিন। চানাচুরে বাদাম থাকে। আর তাই অতিরিক্ত বাদাম দেওয়ার প্রয়োজন নেই। ইচ্ছে হলে ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। তৈরি আপনার লোকাল ট্রেনের ঝালমুড়ি, সঙ্গে গরম গরম চা হলে জমে যাবে।